ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আজ বুধবার সকালে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮০ জন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ভোর পাঁচটার দিকে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত এক পুরুষ যাত্রী মারা যায় এবং আহত হন ৪০ জন। আহত যাত্রীরা অভিযোগ করে, চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বাসটি সুতিপাড়ায় এলাকায় পৌঁছলে চালক এক হাতে পানির বোতল খুলে পানি খাওয়ার সময় হঠাত্ বাসটি বাঁ দিকে চলে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।আজ সকাল ছয়টার দিকে ওই মহাসড়কেই মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকাগামী এসএ পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় ঈগল পরিবহনের একটি বাস এসএ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত এক মহিলা মারা যান। আহত হয় ৪০ জন। এদের মধ্যে ২৬ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।