ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ড, নবীনগর-কালিয়াকৈর সড়কের পল্লী বিদ্যুত্ এলাকা ছাড়াও বলিভদ্র বাজার থেকে কবিরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় ২০০ যাত্রীবাহী বাস এবং আট শতাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি। যানবাহনের এ লম্বা লাইন ঘাট ছেড়ে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত দখল করে নিয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফুল্লাহ খান জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। তবে কাল শনিবার থেকে ঈদের দিন পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া এ ঘাট দিয়ে সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে। এতে যানজট অনেকটা কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফারুক হোসেন বলেন, সাভারের আমিনবাজার থেকে নবীনগর হয়ে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত, আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর বাইপাইল সড়কের আশুলিয়া বাজার পর্যন্ত প্রতিটি বাসস্ট্যান্ডে পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। কিন্তু রাস্তা খারাপ থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।