ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, ২০ যাত্রী আহত
ঢাকার ধামরাই সরকারি কলেজের সামনে আশ্বাস অনুযায়ী গতিরোধক নির্মাণ না করায় ওই কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সোয়া দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছেন। এতে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছে। পরে সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে গতিরোধক নির্মাণের প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা এ অবরোধ তুলে নেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সাভারের লোক প্রশাসন কেন্দ্রের সামনে বাসের চাপায় ধামরাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত হন। এ সময় কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী কলেজের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।তবে গতকাল ওই তিন দিন শেষ হয়ে গেলেও গতিরোধক নির্মাণ না করায় শিক্ষার্থীরা আজ আবার মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পাশে প্রায় তিন কিলোমিটার করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।