জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করার ঘটনায় শিক্ষার্থীরা গতকাল বুধবার রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যদিও শিক্ষার্থীরা ওই ছাত্রকে গতকাল রাতেই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।এদিকে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী তাহমিদুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মীর মশাররফ হোসেন হল থেকে নাহিদ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে প্রাধ্যক্ষ এমদাদুল হকের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় হলের সামনে অতিরিক্ত পুলিশ এলে শিক্ষার্থীরা তাদের দিকে তেড়ে যান। পুলিশের ছররা গুলিতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।এরপর রাত একটার দিকে শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর তপন কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করায় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি থেকে প্রক্টরিয়াল বডির সদস্য ও মীর মশাররফ হলের প্রাধ্যক্ষের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, গতকালে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ও ইন্ধনদাতাদের উপযুক্ত বিচার ও শাস্তি, উপাচার্যকে সব ব্যর্থতার দায়ভার গ্রহণসহ সাত দফা দাবি জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে শতাধিক পুলিশ ও জলকামান প্রস্তুত রাখতে দেখা গেছে। গতকাল পুলিশের গুলিতে আহত পাঁচজনের মধ্যে দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয় এবং অন্য তিনজনকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।