ঢাকা-আরিচা মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনার দিক দিয়ে নেপালের পরই বাংলাদেশের স্থান। ঢাকা-আরিচা মহাসড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে একযোগে কাজ করতে হবে।আজ শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের দুর্ঘটনাস্থলে বিভাজক নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ২২টি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। ইতিমধ্যে এসব বাঁকে সড়ক বিভাজক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কাজ শেষ করা হবে।ওবায়দুল কাদের বলেন, সমস্যা সমাধানে উদ্যোক্তা আন্তরিক থাকলে অর্থ কোনো বাধা হতে পারে না। ঢাকা-আরিচা মহাসড়কে বিপজ্জনক বাঁকে নির্মাণাধীন বিভাজক প্রসঙ্গে তিনি বলেন, এ কাজে এখনো কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। সড়ক ও জনপদ বিভাগ নিজ উদ্যোগেই এসব কাজ এগিয়ে নিচ্ছে। যোগাযোগমন্ত্রী এর আগে ধামরাই উপজেলার বাথুলীতে ওজন পরিমাপক যন্ত্র (লোড কন্ট্রোল এক্সেল স্টেশন) উদ্বোধন করেন।