ঢাকা-আরিচা মহাসড়কে বাস ডাকাতি, ৩ জন নিহত, আহত ১৫
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি বাসে ডাকাতির ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ডাকাতির সময় স্থানীয় লোকজন তিন ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করলেও অন্যরা যাত্রীদের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।ডাকাতির ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—ধামরাইয়ের শ্রীরামপুরের আক্কাস আলী (৩০) ও বাসের হেলপার রাসেল (২২)। রাসেল ফরিদপুর সদর উপজেলার সাত্তার মিয়ার ছেলে। এ ছাড়া এই ঘটনায় অজ্ঞাত পরিচয় অপর এক যাত্রী নিহত হয়েছে। ধামরাই থানার পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানায়, ঢাকার গুলিস্তান থেকে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-১৬১৪) গতকাল রাত পৌনে ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড পার হওয়ার পর যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে বাসের যাত্রীদের জিম্মি করে। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিতে থাকে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজন যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। বাস থেকে ফেলে দেওয়া যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।সূত্র আরও জানায়, বাসের যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করার পর ডাকাতেরা বাসটি ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে ঘুরিয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এক যাত্রী কৌশলে বাস থেকে নেমে শ্রীরামপুর বাজারে ব্যবসায়ীদেরকে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বাসে উঠে দুই ডাকাতকে আটক করে। এ সময় অন্যরা টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন এ ঘটনার তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানা, বাবু ও আনোয়ার নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।এদিকে পুলিশ তিন ডাকাতের পাশাপাশি বাসের চালক বজলুর রহমানকে আটক করলে মানিকগঞ্জের পরিবহন শ্রমিকেরা ওই চালকের মুক্তির দাবিতে আজ শনিবার সকাল সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের সামনের মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ধামরাই থানার পুলিশ বাসের চালককে ছেড়ে দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।