ঢাকা-আরিচা মহাসড়কে ৫ ডাকাত গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল বুধবার রাতে একটি ট্রাকে ডাকাতি করার সময় পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন জেলার জাতীয় পার্টির নেতা নূর কাশেমের ছেলে রিমন নূর (২৭), দুলাল (২৮), তারেক (৩০), ইব্রাহীম (৩০) ও নূর কামাল (২৮)।থানা হেফাজতে থাকা অবস্থায় রিমন নূর সাংবাদিকদের জানান, ডাকাতি করার সময় তাঁদের সঙ্গে মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াসও ছিলেন। ইলিয়াসকেও ওই মামলায় আসামি করা হয়েছে। সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রুহুল কুদ্দুস জানান, যশোর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ট্রাক নারায়ণগঞ্জে যাচ্ছিল। রাত ১০টার দিকে ট্রাকটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডে পোঁছালে দুটি মোটরসাইকেলে করে গ্রেপ্তারকৃতরা ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তাঁরা ট্রাকচালক ও তাঁর সহযোগীদের টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন। সেখান থেকে তাঁরা পালিয়ে যাওয়ার পথে সাটুরিয়া থানার টহল পুলিশ প্রথমে রিমনকে আটক করে। পরে রিমনের স্বীকারোক্তি অনুসারে বাকিদের আটক করা হয়। এ ব্যাপারে ট্রাকের চালক তপন কুমার মণ্ডল বাদী হয়ে দ্রুত বিচার আইনে আজ একটি মামলা করেন। ওই মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।