ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় হত্যাযজ্ঞ মামলার বিচারের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মামলায় আসামি হলেন ৮২৪ জন। আসামিদের কেন্দ্রীয় কারাগার থেকে আনা-নেওয়ার সুবিধার্থে এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী জানুয়ারিতে এই মামলার বিচারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র জানায়, এই মামলার বিচারের জন্য আলিয়া মাদ্রাসার মাঠে আদালতের অস্থায়ী কাঠামো তৈরি করতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এই অস্থায়ী আদালত স্থাপনের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা চাইলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত টাকা বরাদ্দ দিতে রাজি হয়নি। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কোটি টাকা চেয়েই অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী জানান, অস্থায়ী আদালতের অবকাঠামো তৈরির জন্য গত সপ্তাহে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই আদালতের জন্য তিনটি স্থান পরিদর্শন করা হলেও সর্বোচ্চ নিরাপত্তা ও আসামিদের আনা-নেওয়ার বিষয়টি চিন্তা করে আলিয়া মাদ্রাসার মাঠটি নির্বাচন করা হয়েছে।এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি দেখানো, নির্যাতন, জিম্মি করাসহ দণ্ডবিধির ২৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে বিডিআরের ৮০১ জন সদস্য এবং বাকিরা বেসামরিক ব্যক্তি। বেসামরিক ব্যক্তিদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী রয়েছেন।জানা যায়, এই আদালতের জন্য অপর যে দুটি স্থান চিহ্নিত করা হয়েছিল, সেগুলো হলো গাজীপুরের কাশিমপুর কারাগার ও বিডিআর সদর দপ্তরের দরবার হল। বিকল্প হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি স্থানে যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছিল, ওই স্থানের কথাও চিন্তা করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কয়েকজন প্রথমে কাশিমপুর কারাগার এবং পরে বিডিআর সদর দপ্তরের দরবার হল ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশের এলাকা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেন। পরে কয়েক দফা বৈঠক করে সম্প্রতি অস্থায়ী এই আদালতের জন্য আলিয়া মাদ্রাসার মাঠটি নির্বাচন করা হয়। তবে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, বিডিআর সদর দপ্তরের দরবার হলেই এই মামলার বিচার করা হলে নিরাপত্তার বিষয়টি বেশি নিশ্চিত হতো। এটা হলে অস্থায়ী কাঠামো তৈরির জন্য টাকা খরচ করতে হতো না।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, নিরাপত্তাসহ অনেক বিষয় বিবেচনায় নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী এই বিচার আদালত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে এ আদালতের অস্থায়ী কাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হবে। জানুয়ারি থেকে বিচারকাজ শুরু করা যাবে।সূত্রমতে, কাশিমপুর কারাগারের ভেতরে এই মামলার বিচার করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। এ ছাড়া ঢাকার মামলার বিচার কাশিমপুরে করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। অন্যদিকে পিলখানায় বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের মামলার বিচার চলছে। এখন সেখানে এই মামলার বিচারের জন্যও অস্থায়ী আদালত করা হলে বিদ্রোহের মামলার বিচারপ্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হতে পারে।৫০০ দিন (১৬ মাস) তদন্তের পর পিলখানায় হত্যাযজ্ঞের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ১২ জুলাই অভিযোগপত্র দেয়। সূত্র জানায়, এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবানবন্দিসহ মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন কর্মকর্তা, তিন নারীসহ ৭৪ জন নিহত হন।