ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তিনি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিবেরও দায়িত্ব পালন করছেন।আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ এ-সংক্রান্ত আদেশে সই করেছেন। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গঠনের পর দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। তত্কালীন নির্বাচন কমিশনের অপারগতা এবং পরে মহামান্য হাইকোর্টের মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োজিত আছেন মোহাম্মদ মাহমুদ রেজা খান ও দক্ষিণ সিটি করপোরেশনে আছেন নজরুল ইসলাম। তাঁরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই দায়িত্ব পালন করবেন। আইন অনুয়ায়ী সিটি করপোরেশনে ১৮০ দিনের বেশি প্রশাসক দায়িত্ব পালন করতে পারবেন না। সে অনুযায়ী কাল তাঁদের প্রত্যাহার করে নতুন দুজনকে পদায়ন করা হবে।