পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল চলচ্চিত্র ফিরে এসো বেহুলা মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি বলাকা সিনে ওয়ার্ল্ডে। তার আগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ১৯ জানুয়ারি ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।ছবির পরিচালক তানিম নূর বলেন, ‘বেহুলা-লখিন্দরের কাহিনি লোকমুখে, পালাগানে, নাটকে, চিত্রকলায়, সাহিত্যে নানাভাবে এসেছে। ফিরে এসো বেহুলা চলচ্চিত্রের প্রেক্ষাপট বর্তমান সময়। সময়ের সঙ্গে নারী-পুরুষের সম্পর্কের মাঝেও পরিবর্তন আসে। এই সময়ের নারী-পুরুষের সম্পর্কের সঙ্গে প্রাচীন লোকগাথার যোগসূত্র স্থাপন করা হয়েছে। মৃত লখিন্দরকে নিয়ে বেহুলার যাত্রাকে বর্তমান সমাজ-বাস্তবতায় দেখানো হয়েছে।’যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম, তৃষা বড়ুয়া ও তানিম নূর। গানের কথা, সুর এবং গানে কণ্ঠ দিয়েছেন অর্জুন ও আবিদা; সংগীতায়োজন করেছেন সাদ। অভিনয় করেছেন জয়া আহসান, ইন্তেখাব দিনার, হুমায়ুন ফরীদি, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।তানিম জানান, আগামী ফেব্রুয়ারি ও মার্চে পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনাও সিলেট অঞ্চলে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে।ফিরে এসো বেহুলার শুটিং শুরু হয় ২০০৯ সালে, শেষ হয় ২০১০ সালে। এরপর গত বছর ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।