ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বিলের প্রতিবেদন উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে আজ রোববার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১-এর ওপর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রতিবেদনটি উপস্থাপন করেন।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে ২১ জুন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করেন।প্রস্তাবিত বিলে ৫(১) বিধিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের নোটিশ দেওয়ার পর অধিগ্রহণাধীন ভূমির ওপর জনস্বার্থবিরোধী কোনো ঘরবাড়ি বা স্থাপনা বা ভূমির শ্রেণী পরিবর্তন করা হলে তার জন্য কোনো ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন না। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিপূরণের দাবি করলে ডেপুটি কমিশনার তা প্রত্যাখ্যান করবেন।বিলে এ ধরনের দাবি প্রত্যাখ্যানের কারণে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশ জারির সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের দাবিতে কমিশনারের কাছে আপিল দায়ের করতে পারবে এবং আপিলের পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে যথোপযুক্ত আদেশ দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়। এই আদেশ সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত বলে গণ্য হবে।বিলে আপিল নামঞ্জুর করা হলে এবং এ বিষয়ে আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যে আপিলকারী সংশ্লিষ্ট ঘরবাড়ি, স্থাপনা নিজ খরচে ও দায়িত্বে সরিয়ে নেওয়ার বিধানের প্রস্তাব করা হয়। এ সময়ের মধ্যে সরিয়ে না নিলে ডেপুটি কমিশনার তা প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করতে পারবেন বলেও বিধানের প্রস্তাব করা হয়।বিলে ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ অনুযায়ী নোটিশ জারির সময় সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার অধিগ্রহণাধীন ভূমির ধারণ ও সংরক্ষণ করা ভিডিও চিত্র এ আইনের অধীনে গৃহীত ও সংরক্ষিত হয়েছে বলে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। এ ভিডিও চিত্রের ভিত্তিতে অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ নির্ধারণ করে পরিশোধের ব্যবস্থা নেওয়ার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।বিলে এই আইনের অধীন কোনো আদেশ বা গৃহীত কোনো কার্যক্রমের বিরুদ্ধে কোনো আদালত মামলা বা দরখাস্ত গ্রহণ করবেন না এবং কার্যক্রম সম্পর্কে কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়।বিলে আইনের উদ্দেশ্য পূরণে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে বিধি প্রণয়ন করার বিধানেরও প্রস্তাব করা হয়েছে। বাসস।