ঢাকা ও আঙ্কারার মধ্যে ২টি চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি এবং উভয় দেশে দূতাবাস স্থাপনে জমি হস্তান্তর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তাইয়িপ এরদোগানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষর হয়।স্বাস্থ্যবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের মিনিস্টার অব স্টেট মেহমেত আইডিং এবং জমি হস্তান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের অর্থমন্ত্রী মেহমেদ সিমসেল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাক্ষর অনুষ্ঠান হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পুঁজি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, স্বাস্থ্যসচিব মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং তুরস্কের প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা ও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।