রাজউকের অনুমোদিত প্রকল্প ২৬টি, ৫৬ প্রকল্পকে সতর্কীকরণ নোটিশ
ঢাকা ও আশপাশে ১৭৪ আবাসন প্রকল্প অবৈধ
রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় ছোট-বড় ২০০ আবাসন প্রকল্পের (হাউজিং প্রজেক্ট) মধ্যে মাত্র ২৬টির অনুমোদন আছে। অননুমোদিত ৫৬ প্রকল্পকে সতর্কীকরণ নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বাকিগুলোকেও পর্যায়ক্রমে নোটিশ করা হবে। রাজউক সূত্র এ তথ্য জানিয়েছে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে জানান, ঢাকা ও এর আশপাশ এলাকায় বিভিন্ন কোম্পানি এ পর্যন্ত ২০০টির মতো প্রকল্পের উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অনুমোদিত মাত্র ২৬টি। অর্থাৎ ১৭৪টি প্রকল্পের অনুমোদন নেই। তিনি বলেন, রাজউকের পাঁচটি দল কাজ করছে। জরিপকাজ শেষ হলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে।রাজউকের চেয়ারম্যান বলেন, গত বছরের আগস্ট থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি নোটিশ দিয়ে কোম্পানিগুলোকে তাদের অননুমোদিত প্রকল্প বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।আবাসন কোম্পানির মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সূত্র জানিয়েছে, রিহ্যাবের সদস্যসংখ্যা ৭০৯ হলেও পূর্ণাঙ্গ আবাসন প্রকল্প রয়েছে ৮০টি কোম্পানির। রিহ্যাবের সদস্য নয়, এমন অসংখ্য কোম্পানির ছোটখাটো প্রকল্প রয়েছে। রাজউকের চেয়ারম্যান বলেন, ২০০৪ সালে ভূমি উন্নয়ন বিধিমালা জারি হয়। ২৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে বিধিমালা জারির আগে। বিধিমালার শর্ত পূরণ না হওয়ায় এরপর আর কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু অনেক কোম্পানি অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প করে নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে এবং প্লট বিক্রি করছে। অথচ অনুমোদন পাওয়ার আগে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ।যোগাযোগ করা হলে রিহ্যাবের সভাপতি ও সরকারি দলের সাংসদ নসরুল হামিদ বলেন, যারা বিজ্ঞাপন প্রচার করছে, রাজউক তাদের কাছে আপত্তি জানায় না কেন? বিজ্ঞাপন প্রচার বা প্লট বিক্রি বন্ধ করার দায়িত্ব তো রিহ্যাবের নয়। তিনি বলেন, রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) কারণে অনেক প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে না। ডেভেলপারসহ সবার সঙ্গে আলোচনা করে ড্যাপ বাস্তবায়িত হলে এই সমস্যা মিটে যাবে।তবে রাজউকের নগর পরিকল্পনা বিভাগের নথি থেকে জানা যায়, অনুমোদিত কিছু প্রকল্পের মধ্যেও সমস্যা আছে। যেমন বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রথম পর্বে ‘এফ’ ব্লকের ৪২৬টি প্লট অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু পরে ‘সি’ ও ‘এফ’ ব্লক সম্প্রসারণ করে এবং ‘জি’ থেকে ‘পি’ ব্লক পর্যন্ত নতুন প্লট তৈরি করে বিক্রি করা হয়।এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, ২০০৬ সালে জোট সরকারের শেষ সময়ে পাঁচটি কোম্পানির হাউজিং প্রকল্পকে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে বারিধারায় বসুন্ধরা আবাসিক প্রকল্পও রয়েছে। কিন্তু শর্ত পূরণ করতে না পারায় সেসব প্রকল্পের অনুমোদন বাতিল হয়ে যায়।যোগাযোগ করা হলে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে শর্ত সাপেক্ষে প্রকল্পের পুরোটাই অনুমোদন করা হয়েছিল। এখন সম্ভবত রাজউকের ফাইলে অন্য তথ্য রয়েছে। তিনি বলেন, ‘সি’ ও ‘এফ’ ব্লকের সম্প্রসারণ বিষয়ে রাজউকের ফাইলে নতুন তথ্য থাকলে তাদের কী করার আছে? তিনি জানান, বসুন্ধরা আবাসিক প্রকল্পে ‘পি’ ব্লক পর্যন্ত ৪০ হাজার প্লট রয়েছে। ‘এল’ ব্লক পর্যন্ত উন্নয়নের পুরো কাজ শেষ হয়েছে।অনুমোদন ছাড়াই প্রকল্প, সংশ্লিষ্টরা যা বলেন: রিহ্যাব সভাপতি নসরুল হামিদের হাউজিং প্রকল্প ‘প্রিয়প্রাঙ্গণ’ (হামিদ রিয়েল এস্টেট) রয়েছে কেরানীগঞ্জে। এর অনুমোদন নেই। তিনি যুক্তি দেখান, তাঁর এলাকা রাজউকের অধীন নয়, তাই অনুমোদনের প্রশ্ন ওঠেনি। তাহলে প্রিয়প্রাঙ্গণ প্রকল্প অনুমোদনের জন্য রাজউকের কাছে আবেদন করেছেন কেন? তিনি এ প্রশ্নের কোনো জবাব দেননি। রাজউকের চেয়ারম্যান জানান, ১৯৮৭ সালের গেজেট অনুযায়ী কেরানীগঞ্জ এলাকাটি রাজউকের অধীন।ড্যাপ পর্যালোচনা কমিটির সদস্য স্থপতি ইকবাল হাবিব বলেন, ড্যাপের বর্তমান সুপারিশ বাস্তবায়িত হলে রিহ্যাব সভাপতির প্রিয়প্রাঙ্গণ বাতিল হয়ে যাবে। কারণ এটা জলাভূমিতে অবস্থিত। সম্ভবত সে কারণে তিনি ড্যাপের বর্তমান রূপরেখার বিরোধিতা করছেন।সতর্কীকরণ নোটিশ দেওয়া ৫৬টি প্রকল্পের মধ্যে কেরানীগঞ্জের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের বসুন্ধরা রিভারভিউ প্রকল্প একটি। রাজউকের কাছে অনুমোদনের আবেদন করার আগে থেকেই এই প্রকল্পের উন্নয়নকাজ ও প্লট বিক্রি শুরু করা হয়। এই প্রকল্পে ১৬ হাজার প্লট রয়েছে। অনুমোদন না পেলেও এরই মধ্যে ৪০ শতাংশ প্লট তৈরি হয়ে গেছে। ড্যাপের প্রতিবেদনে এই প্রকল্প এলাকাকে ‘বন্যাপ্রবণ’ উল্লেখ করে অনুমোদন না করার সুপারিশ করা হয়েছে।এই কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, রিভারভিউ প্রকল্প অনুমোদনের জন্য বিগত জোট সরকারের আমলে আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী ১২০ দিনের মধ্যে রাজউক আবেদন প্রত্যাখ্যান করতে পারে। যেহেতু ওই সময়ের মধ্যে রাজউক তা জানায়নি, তাই প্রকল্পকে অনুমোদিত ধরা যায়।তবে রাজউক রিভারভিউ প্রকল্পের বিরুদ্ধে মামলাও করেছে। পরে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট আদালতের স্থগিতাদেশ নেয়।রাজধানীর দক্ষিণখানে অবস্থিত আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘আশিয়ান সিটি’ প্রকল্প নিবন্ধন হয়েছিল জোট সরকারের শেষ সময়ে। শর্ত ছিল এই প্রকল্পের জন্য পত্রপত্রিকা বা টেলিভিশনে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বলা হয়েছিল, প্রকল্প অনুমোদনের আগে নগদ বা কিস্তিতে প্লট বিক্রি করা যাবে না। কিন্তু আশিয়ান সিটি কর্তৃপক্ষ শর্ত মানেনি। উল্টো নিবন্ধনকে ‘অনুমোদন’ হিসেবে প্রচার করেছে বলে অভিযোগ আছে।যোগাযোগ করা হলে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, নিবন্ধনকে তাঁদের কোম্পানি ‘অনুমোদন’ হিসেবে ব্যবহার করছে না। প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরসহ ১১টি সংস্থার ছাড়পত্র নিয়ে রাজউকের কাছে জমা দেওয়া হয়েছে। তবে রাজউক এখনো অনুমোদন দেয়নি। তাঁদের প্রকল্পে ১০ হাজার প্লট রয়েছে এবং কিছু হস্তান্তরও করা হয়েছে বলে তিনি জানান। অনুমোদনের আগে প্লট বিক্রি এবং বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা সবাই করছে, প্রচারের জন্য করতেই হয়।’রাজউক সূত্র জানায়, আশিয়ান সিটির এই প্রকল্পের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। পরে আদালত মামলাটি স্থগিত করেন।বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডিসিএল) টঙ্গীর গুটিয়ায় অবস্থিত নর্থ টাউন, বাগৈর-কেরানীগঞ্জে সাউথ টাউন, কাঁচপুর-মদনপুরে ইস্ট টাউন প্রকল্প রয়েছে; কোনোটারই অনুমোদন নেই। যোগাযোগ করা হলে বিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম বলেন, অনুমোদনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। অনুমোদন না পেলেও তাঁদের সবগুলো প্রকল্পে প্রায় চার হাজার প্লট তৈরি হয়েছে এবং কিছু বিক্রিও হয়েছে। বিজ্ঞাপন প্রচার এবং বিক্রি নিষিদ্ধ হওয়ার পরও কেন তা করা হয়েছে, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, তাঁরা নিয়মনীতি মেনেই কাজ করেন।জ্যানোভ্যালী প্রপার্টিজের পিংক সিটি আবাসিক প্রকল্পের অবস্থান বড় কাঁঠালদিয়ায়, এর অনুমোদন নেই। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম সালাহ উদ্দিন বলেন, তাঁদের প্রকল্প এলাকা রাজউকের আওতায় নেই। তবে রাজউক জানিয়েছে, এই এলাকা রাজউকের অধীন।বাড্ডা-সুতিভোলায় স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের সানভ্যালী আবাসিক প্রকল্পেরও অনুমোদন নেই। কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক খালিদ হাসান জানান, বিভিন্ন সংস্থার অনুমোদন নেওয়ার কাজ শেষ করে রাজউকে আবেদন জমা দেওয়া হয়েছে। আশুলিয়ায় অবস্থিত পারটেক্স গ্রুপের আশুলিয়া সিটি প্রকল্প ও প্যারাডাইজ রিয়েল এস্টেটের অনুমোদন নেই। গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আশুলিয়া সিটি প্রকল্পের জন্য ৩০০ বিঘা জমি কেনা হয়েছিল। আরও ৩০০ বিঘা কেনার কথা আছে। তবে এখনো অনুমোদন না পাওয়ায় তাঁরা প্লট বিক্রি করছেন না।আশুলিয়ায় আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের আশুলিয়া মডেল টাউন, সবুজবাগে মান্ডায় গ্রীন মডেল টাউন প্রকল্পও অননুমোদিত। নির্বাহী বিপণন পরিচালক তেলায়েত হোসেন অনুমোদন না পাওয়ার কথা স্বীকার করে বলেন, যথাসময়ে রাজউকের কাছে আবেদন জানানো হয়েছিল। ৪৫ দিনের মধ্যে জানানোর কথা থাকলেও রাজউক তা জানায়নি। এবার আবার অনুমোদনের চেষ্টা করা হবে।রাজউকের অনুমোদিত প্রকল্প ২৬টিযে ২৬টি প্রকল্প রাজউকের অনুমোদন পেয়েছে সেগুলো হচ্ছে: বারিধারায় অবস্থিত ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রথম পর্ব (সম্প্রসারিত ও সংশোধিত বাদে এ থেকে এফ ব্লক পর্যন্ত), ইস্টার্ন হাউজিং লিমিটেডের বনশ্রী আবাসিক প্রকল্প ও মহানগর প্রকল্প (সংশোধিত অংশ বাদে), পল্লবী প্রথম ও দ্বিতীয় পর্ব (সংশোধিত ও সম্প্রসারিত বাদে), নিকেতন প্রকল্প, রায়েরবাজার প্রকল্প, মিরপুরের মল্লিকা আবাসিক প্রকল্প, বাগবাড়িতে শীশমহল ল্যান্ড প্রকল্প, কল্যাণপুর ল্যান্ড প্রজেক্ট, পোস্তগোলা আবাসিক প্রকল্প, পোস্তগোলা রিভারভিউ ল্যান্ড প্রকল্প, কে এম দাস লেন প্রকল্প, মিরপুর আরামবাগ কো-অপারেটিভ সোসাইটি প্রকল্প, শিকদার রিয়েল এস্টেট লিমিটেডের প্রকল্প, মোহাম্মদপুরে প্রবাল হাউজিং ও সুনিবিড় গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের প্রকল্প, মিরপুরে মুক্তি হাউজিং, আবদুর রফিক হাউজিং, সবুজবাগে বাসাবো আবাসিক প্রকল্প, পিসিকালচার হাউজিং প্রকল্প, আদর্শ ছায়ানীড় গৃহ নির্মাণ প্রকল্প, মোহাম্মদপুর জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের প্রকল্প, বায়তুল আমান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রকল্প, তেজগাঁওয়ে মেট্রোপলিটন কো-অপারেটিভ হাউজিং এবং মিরপুর পাইকপাড়ায় ক্যাপ হাসান হাউজিং প্রকল্প।৫৬ প্রকল্পকে সতর্কীকরণ নোটিশকেরানীগঞ্জের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের বসুন্ধরা রিভারভিউ প্রকল্প, দক্ষিণখানে অবস্থিত আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘আশিয়ান সিটি’ প্রকল্প, বিডিসিএল টঙ্গীর গুটিয়ায় অবস্থিত নর্থ টাউন, বাগৈর-কেরানীগঞ্জে সাউথ টাউন, কাঁচপুর-মদনপুরে ইস্ট টাউন প্রকল্প, বড় কাঁঠালদিয়ায় জ্যানোভ্যালী প্রপার্টিজের পিংক সিটি আবাসিক প্রকল্প, বাড্ডা-সুতিভোলায় স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের সানভ্যালী আবাসিক প্রকল্প, আশুলিয়ায় পারটেক্স গ্রুপের আশুলিয়া সিটি প্রকল্প ও প্যারাডাইজ রিয়েল এস্টেট প্রকল্প, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের আশুলিয়া মডেল টাউন, সবুজবাগে মান্ডায় গ্রীন মডেল টাউন প্রকল্প, দক্ষিণখানে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্টের প্রকল্প, বড় আশুলিয়ায় রূপায়ণ হাউজিং এস্টেট, আমিনবাজারে মধুমতি মডেল টাউন, আশুলিয়ায় ব্র্যাক কনকর্ডের রেইনবো টাউন প্রকল্প (রাজউকের অনুমোদন না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা)। আশুলিয়ায় মেসার্স যমুনা বিল্ডার্স লিমিটেডের নিউ উত্তরা মডেল টাউন, ডুমনি-বরুয়া বাড্ডায় যমুনা বিল্ডার্সের আবাসন প্রকল্প, বাড্ডায় নতুন ধারা হাউজিং কোম্পানির প্রকল্প, ধউর-রানাভোলায় মিশন এনার্জি অ্যান্ড প্রপার্টিজ, বাউনিয়ায় এম এন হাউজিং, বাগৈর-কেরানীগঞ্জে এবং উত্তরার রানাভোলা যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেটের প্রকল্প, ধউরে নিউ হ্যাভেন, গোড়ান চটবাড়িতে বায়তুল আমান, ভাটারার কাঁঠালদিয়া-সাঁতারকুল হীরাঝিল প্রকল্প, কেরানীগঞ্জে রমজান নগর হাউজিং, খোলামোরা খেয়াঘাটে বিসমিল্লাহ রিয়েল এস্টেট, সোয়ারীঘাটে মেসার্স আমির এন্টারপ্রাইজ ও কেরানীগঞ্জে মাওলানা রিয়েল এস্টেট, আমুলিয়ার শুন্যায় এম এ গফুর ল্যান্ড ডেভেলপারসের প্রকল্প, সাঁতারকুলে নূর নগর হাউজিং প্রকল্প, কাঁঠালদিয়ায় টাউন ভিউ আবাসিক প্রকল্প, মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিমে নবীনগর ও মীনা বাজার প্রকল্প, মোহাম্মদী হাউজিং, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি প্রকল্প, শ্যামলী জনকল্যাণ বহুমুখী প্রকল্প, আলী নূর রিয়েল এস্টেট, জনক-জননী মডেল টাউন প্রকল্প, রায়েরবাজার মডেল টাউন, ফেন্সী ইন্টারন্যাশনাল প্রকল্প, সাভারে ভ্যাকেশন সিটি প্রকল্প, সাভারে বিসিএস পুলিশ অফিসার্স কো-অপারেটিভ হাউজিং প্রকল্প, সাভার মডেল টাউন প্রকল্প, সজীব রিয়েল এস্টেটের সাভার বাইপাইল প্রকল্প, আশুলিয়া আবাসন প্রকল্প, আশুলিয়ায় হাসেম রিয়েল এস্টেটের রংধনু আবাসিক প্রকল্প, আদাবর মোহাম্মাদিয়া হাউজিং আবাসন প্রকল্প, প্রত্যাশা হাউজিং প্রকল্প, মেইনল্যান্ড সিটি, নবোদয় হাউজিং প্রকল্প, আদাবর চান্দ হাউজিং প্রকল্প, কাঁটাসুরে লতিফ রিয়েল এস্টেট প্রকল্প, বাড্ডার সোলমাইদে বসুমতি আবাসিক প্রকল্প, মোহাম্মদপুরে প্রমিনেন্ট হাউজিং প্রকল্প, সাভার আউকপাড়ায় নর্দান হোল্ডিংস প্রকল্প।