ঢাকা ও কাশিমপুর কারাগার থেকে ২০৭ জনের মুক্তি
একটি হত্যা মামলায় ২২ বছর সাজা খেটে মুক্তি পাওয়া টাঙ্গাইলের মধুপুরের তারেক মোল্লা (৪৯) বললেন, ‘খুউব ভালো লাগতাছে। এখন থেকে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চাই।’ গতকাল বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর কারা ফটকে তিনি প্রতিক্রিয়ায় এ কথা জানান।গতকাল তারেক মোল্লাসহ ৭৫ জন কারাবন্দী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত তিন দফায় তাঁদের মুক্তি দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন নারী রয়েছেন। একই দিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ১৩২ জন। গতকাল মুক্তি পাওয়া এই ২০৭ জনসহ সারা দেশের ৬৮টি কারাগারের মধ্যে ৬১টি কারাগার থেকে এক হাজার কারাবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তাঁরা সবাই যাবজ্জীবন সাজা পাওয়া আসামি।সংশ্লিষ্ট সূত্র জানায়, যাবজ্জীবন সাজা পাওয়া কারাবন্দীদের মুক্তি দেওয়াসংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য আগস্টের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ফাইলটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন শেষে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসার পর এক হাজার কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশসংক্রান্ত চিঠি গত মঙ্গলবার কারা অধিদপ্তরে পাঠানো হয়। এর আগে এরশাদ সরকারের আমলে ২০ বছর সাজা ভোগ করা এক হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল।সূত্র জানায়, মুক্তির তালিকায় থাকা বন্দীদের বেশির ভাগই ২২-২৩ বছর সাজা ভোগ করেছেন। তাঁদের বেশির ভাগ হত্যা মামলার আসামি। এর মধ্যে নারী রয়েছেন ১৩ জন। যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর। কারাগারে নয় মাসকে বছর হিসেবে ধরা হয়।গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে মুক্তির তালিকায় থাকা বন্দীদের স্বজনেরা ভিড় করেন। প্রথমে দুপুর সোয়া ১২টার দিকে ২৫ জন বন্দী কারা ফটক দিয়ে সারিবদ্ধভাবে বের হন। বাইরে অপেক্ষমাণ স্বজনেরা তাঁদের জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। পরে তাঁরা নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।সকাল ১০টা থেকে নেত্রকোনার চকপাড়ার জহুরা খাতুন মেয়ে কলি আক্তারকে নিয়ে কারা ফটকের সামনে অপেক্ষা করছিলেন ভাই আবদুল মজিদের (৩৮) জন্য। বিকেল চারটার দিকে মজিদ মুক্তি পান। তাঁকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন জহুরা ও কলি। মজিদ সাংবাদিকদের বলেন, ‘মুক্তি পেয়ে ভালো লাগছে। এখন গ্রামের বাড়িতে গিয়ে কৃষিকাজ করব। এরপর ভেবে দেখব অন্য কিছু করা যায় কি না।’বেলা দুইটার দিকে জহুরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘হেই ময়মনসিংহ পার হইয়া, সকাল থেকে বইসা আছি। এত বছর পর ভাই বের হইতাছে, আনন্দেরই কথা। ভাই আমাদের আশা-ভরসা।’ তিনি জানান, ২১ বছর আগে চকপাড়ায় জমিজমার বিরোধে এক ব্যক্তি খুন হন। ওই হত্যা মামলায় মজিদের যাবজ্জীবন সাজা হয়। চার বছর আগে কারাগারে তাঁকে দেখতে আসার পথে ট্রাকের চাপায় তাঁর মা জোবেদা খাতুন মারা যান। বাবা মারা গেছেন ছোটবেলায়।শরীয়তপুরের ডামুড্যার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল চুন্নু সরদার (৫২) এবং তাঁর দুই ভাই রুহুল আমিন (৫০) ও বাচ্চু সরদারের (৪৮)। কারা ফটক থেকে বেরিয়ে তাঁরা বলেন, ‘মুক্তি পেয়ে আমরা খুশি। এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই।’দুপুর থেকে রাত পর্যন্ত এ কারাগার থেকে ফরিদপুরের নগরকান্দার বাচ্চু ফকির (৬২), নেত্রকোনার মোহনগঞ্জের ঋষিকেশ দাস (৫৩), গাজীপুরের রাজেন্দ্রপুরের ওমর আলী (৪৯), বাগেরহাটের সেলিমসহ (৫০) ৭৫ জন মুক্তি পান। কারা মহাপরিদর্শকের ব্রিফিং: বন্দীদের মুক্তির আগে কারা ফটকের সামনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী সারা দেশের কারাগারের এক হাজার বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আচরণ সংশোধন ও পরিবর্তনের দিকটি বিশেষ বিবেচনায় নিয়ে কারাবিধির ৫৬৯ ধারায় তাঁদের মুক্তি দেওয়া হলো।কারা মহাপরিদর্শক বলেন, দীর্ঘদিন ধরে বৃদ্ধ, নারী-শিশু ও প্রতিবন্ধী এমন এক হাজার কারাবন্দীকে মুক্তির জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাবজ্জীবন সাজা পাওয়া যেসব বন্দী রেয়াতসহ ২০ বছর কারাভোগ করেছেন, তাঁরাই এ সুযোগ পাবেন। মুক্তি পাওয়াদের মধ্যে হত্যাসহ বড় ধরনের অপরাধের ঘটনায় সাজা পাওয়ারাও রয়েছেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল ১৩২ বন্দীকে মুক্তি দেওয়া হয়। তাঁদের মধ্যে বিকেল সাড়ে পাঁচটায় কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিট থেকে ৪২ জন, ২ নম্বর ইউনিট থেকে ৮৯ জন এবং ৩ নম্বর ইউনিট থেকে একজন মুক্তি পান।কাশিমপুর কারাগার চত্বরে সকাল থেকেই ছিল মুক্তির তালিকায় থাকা বন্দীদের স্বজনদের ভিড়। মুক্তির পর বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের সামছুল আলম (৫৭) কারা ফটকে অপেক্ষমাণ দুই মেয়ে ও দেড় বছরের নাতিকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি একটি হত্যা মামলায় সাজা পাওয়া। গতকাল তাঁর মতো মুক্তি পাওয়া সব বন্দীই আবেগাপ্লুত হয়ে পড়েন।ব্যবসায়ী রায়হানুল ইসলাম চৌধুরীও গতকাল কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিট থেকে মুক্তি পান। তিনি ১৯৯০ সালে একমাত্র ছেলে খোকনকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজা পান। তিনি কারাজীবনে ৫০টি বইয়ের পাণ্ডুলিপি লিখেছেন। মুক্তির পর তিনি জানান, কারাবন্দী থাকার সময় তাঁর স্ত্রী মারা যান। নিঃসঙ্গ জীবনের বাকি সময় লেখালেখি করে কাটাবেন।