ঢাকা ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে গত রোববার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঞ্জুরুল ইসলাম (২৭) নামের একজন নিহত হন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, মনির পেশাদার ডাকাত। পুলিশ জানায়, মঞ্জুরুলের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামে। তিনি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সামরিক কমান্ডার ছিলেন।ঢাকা: র্যাব জানায়, যাত্রাবাড়ী থানার সুতিখালপাড় এলাকার উদ্দীপন স্কুলের কাছে একদল ডাকাত ডাকাতির পরিকল্পনা করছে—এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সেখানে যায়। র্যাবের সদস্যরা সেখানে পৌঁছালে ডাকাতেরা গুলি করে। র্যাবের সদস্যরাও পাল্টা গুলি করেন। প্রায় আধা ঘণ্টা গুলিবিনিময়ের পর ডাকাতেরা পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয় বেশ কিছু লোক ও যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের সহায়তায় র্যাব সেখানে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। লাশটি কসাই মনিরের বলে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত মনির যাত্রাবাড়ী থানার তালিকাভুক্ত ডাকাত। ডেমরা, যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ, কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা আছে।কুষ্টিয়া: সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের ভাষ্যমতে, জাসদ গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা কালুর সামরিক কমান্ডার মঞ্জুরুল ইসলাম ৮-১০ জনকে নিয়ে সদর উপজেলার পিয়ারপুর ক্যানেলের পাড়ে নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশের সদস্যরা সেখানে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশটি মঞ্জুরুলের বলে শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও রাইফেলের পাঁচটি গুলি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত মঞ্জুরুল ঝিনাইদহের শৈলকুপা ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিভিন্ন গ্রামের মানুষকে হুমকি দিয়ে চাঁদাবাজি করত। চাঁদা না পেলে মানুষ হত্যা করত। তিনি জানান, মঞ্জুরুলের বিরুদ্ধে এ দুই থানায় চারটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।