ঢাকা ও গাজীপুরে ৫টি বাসে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকা ও গাজীপুরে পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক ব্যক্তি আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত নয়টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় ওষুধবাহী গাড়িতে আগুন দেয় হরতালের সমর্থকেরা। এতে গাড়ির চালক মিজানুর রহমান আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাত নয়টার দিকে গাড়িটি শান্তিনগর এলাকার হোয়াইট হাউস হোটেলের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল নিয়ে আসছিল। তারা কাছাকাছি এসে গাড়িটি থামাতে বলেই আমার নাম জানতে চায়। আমি নাম বলার আগেই কেরোসিন দিয়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি থেকে নামার আগেই গায়ে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।’ এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পরই রাত পৌনে নয়টার দিকে রাজধানীর নতুনবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক এলাকায় যাত্রীবাহী দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে বাস দুটির ভেতরের আসনসহ বেশির ভাগ অংশই পুড়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু জাফর আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, চান্দনা-চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের পাশে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত। এরপর তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়া রাত আটটার দিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়ক এলাকায় আরও একটি ভিআইপি-২৭ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনে ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।