ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস কমিয়ে আনার সুপারিশ
সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লসের পরিমাণ আরও কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।সভায় ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিষয়ে বিগত বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বর্তমান সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির অডিট আপত্তির ওপরও আলোচনা করা হয়। সভায় চলতি বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পানি সরবরাহে ঢাকা ওয়াসার নেওয়া পদক্ষেপসহ ২০১০ থেকে ২০১২ সময়ে উল্লেখযোগ্য অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়।কমিটির সদস্য খান টিপু সুলতান, এস কে আবু বাকের, মইনুদ্দিন খান বাদল ও আমিনা আহমেদ সভায় অংশ নেন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস।