ঢাকা ও চট্টগ্রাম থেকে হিযবুত তাহরীরের ১৫ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের ১৫ কর্মীকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ঢাকায় ১২ জন ও চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে প্রচারপত্র বিতরণকালে শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও ৩০০টি প্রচারপত্র উদ্ধার করা হয়। তাঁর বাবার নাম তাজুল ইসলাম, বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। পরে পুলিশ শহিদুলের বাসায় অভিযান চালিয়ে জঙ্গি বই-পুস্তক উদ্ধার করে। সূত্রাপুরের ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয় এহসান উদ্দিনকে। তিনি নিজেকে কবি নজরুল কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র বলে দাবি করেন। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের কবরস্থানের পাশের মসজিদের সামনে ও লালমাটিয়া মসজিদসংলগ্ন রাস্তা থেকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিব খান, নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মহিনুজ্জামান, নটর ডেম কলেজের বাণিজ্য প্রথম বর্ষের ছাত্র মাহমুদ হাসান এবং ঢাকা কলেজের হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থেকে মহিউদ্দিন, শহিদুল ইসলাম, আসিফ নজরুল, ফেরদৌস ফয়সলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পল্টন থানার পুলিশ ৩২টি প্রচারপত্রসহ সাইফুল নামের অপর এক যুবককে গ্রেপ্তার করে।ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিযবুত তাহরীরের গ্রেপ্তার হওয়া কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে তিনজন গ্রেপ্তার: পুলিশ জানায়, চট্টগ্রামের খুলশী থানার পূর্ব ফিরোজশাহ কলোনি জামে মসজিদের টিনের চালে জুমার নামাজের পর ইটপাটকেল পড়তে থাকে। এ সময় মসজিদ থেকে বের হওয়া মুসল্লিরা আতঙ্কে এক জায়গায় জড়ো হলে পাঁচ যুবক তাঁদের মধ্যে হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করে পালাতে থাকেন। মুসল্লিরা ধাওয়া করে তাঁদের একজন মিনহাজ উদ্দিনকে আটক করেন। তাঁর কাছে ১৬০টি প্রচারপত্র পাওয়া যায়। তিনি পুলিশকে জানান, তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলার পশ্চিম আমিরাবাদ গ্রামে এবং তিনি সীতাকুণ্ডের লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ আরও জানায়, বায়েজিদ থানার বালুছড়া বায়তুল কাদের জামে মসজিদের সামনে একই ধরনের প্রচারপত্র বিলিকালে রাশেদ মজুমদারকে আটক করা হয়। তাঁর বাসা ঢাকার পশ্চিম আরামবাগে এবং তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এ ছাড়া কোতোয়ালি থানার পুলিশের একটি টহল দল রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল জামে মসজিদের পাশ থেকে মোজাম্মেল হোসেনকে আটক করে। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি পুলিশকে জানান, টাকার বিনিময়ে তিনি প্রচারপত্র বিলি করছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-নর্থ) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, পুলিশি তত্পরতা শুরু হওয়ায় নিষিদ্ধ হিযবুত তাহ্রীর অভিনব কৌশলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে শুরু করেছে।