ঢাকা ও চট্টগ্রামে আজ বর্ণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ একুশে ফেব্রুয়ারি বর্ণমেলার আয়োজন করেছে প্রথম আলো। ঢাকায় বর্ণমেলা হবে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। সকাল নয়টায় শুরু হয়ে মেলা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।ঢাকা ও চট্টগ্রাম থেকে বর্ণমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।ঢাকায় বর্ণমেলা উদ্বোধন করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চট্টগ্রামে ভাষাসৈনিক ডা. সৈয়দুর রহমান চৌধুরী। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলায় থাকবে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গান, আবৃত্তি, নাচ, গল্প বলা, ছড়াপাঠ, সিসিমপুর, পাপেট শো, নাটক, জাদুসহ নানা কিছু। থাকবে শিশুদের জন্য খেলার ব্যবস্থা।আরও থাকবে বর্ণ প্রদর্শনী, বই বর্ণালি, বর্ণোপহার, বর্ণে ডাকটিকিট, বর্ণপণ্ডিত, বর্ণায়ন, বর্ণলিখন, বর্ণপ্রযুক্তি, হ-তে হাতেখড়ি, বর্ণদোলা, মস্ত বর্ণ, ব-তে বাংলা নাম, সুন্দর হাতের সুন্দর বর্ণ, বর্ণাঙ্কন, বর্ণভোজ, বর্ণমঞ্চ, বর্ণ ছবি, বর্ণ পোশাক। ঢাকার বর্ণমেলায় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ, মিতা হক, বুলবুল ইসলাম, সামিনা চৌধুরী, অদিতি মহসিন, মাহমুদুজ্জামান বাবু, শারমীন সাথী ইসলাম, সজীব ও তাঁর কয়ার থার্টি ওয়ান, শফিক তুহিন, সাব্বির, কোনাল, লিজা, কিশোর, আতিক, জাগরণ ও ছায়ানট। চট্টগ্রামে গান গাইবেন নিশিতা, রাশেদ, অরিন, চৈতি মুৎসুদ্দি, রক্তকরবী, উদীচী ও সংগীত ভবন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায় আর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বেলা ১১টায়।