ঢাকা ও চট্টগ্রামে আবারও জামায়াত-শিবিরের তাণ্ডব
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির রাজধানী ঢাকায় গতকাল বুধবার আবার তাণ্ডব চালিয়েছে। তারা একটি বাসে অগ্নিসংযোগ ও প্রায় ৫০টি যানবাহন ভাঙচুর করে। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন। ৩০০ জনকে আটক করা হয়েছে।চট্টগ্রামেও গতকাল জামায়াত-ছাত্রশিবিরের কর্মীরা তাণ্ডব চালান। কর্নেল হাটে বাস ভাঙচুরের একপর্যায়ে তাঁদের ধাওয়া করে স্থানীয় লোকজন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিলের সিটি সেন্টারের আশপাশের গলি থেকে শতাধিক জামায়াত-শিবিরের কর্মী লাঠি নিয়ে ঝটিকা মিছিল শুরু করেন। মিছিলটি শাপলা চত্বরে পৌঁছার পর পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল সাড়ে আটটার দিকে শাপলা চত্বরে মিছিল বের করে তাঁরা। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। সকাল সাড়ে নয়টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে বেরিয়ে আবারও জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে বেশ কয়েকটি যান ভাঙচুর করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ একপর্যায়ে মতিঝিল, দিলকুশা, পল্টন ও রাজউকের আশপাশে ছড়িয়ে পড়ে। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ করে বেশ কিছু ককটেল নিক্ষেপ করেন। এতে পুলিশের মতিঝিল বিভাগের এডিসি মেহেদী হাসানসহ পাঁচ সদস্য আহত হন। পুলিশের রাবার বুলেটে অন্তত নয়জন আহত হন।সকাল ১০টার দিকে দৈনিক বাংলার মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় স্টেডিয়াম এলাকায় শিবিরকর্মী সন্দেহে জুবায়ের নামের এক যুবককে আটক করে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁর কাছে শিবিরের চাঁদার রসিদ পাওয়া যাওয়ায় পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা মতিঝিলের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে যানবাহন ও পুলিশকে ইটপাটকেল ও ককটেল ছোড়েন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অবস্থা চলে। এ ঘটনায় সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিলে যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।এডিসি মেহেদী হাসানসহ আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর গায়ে ককটেলের স্প্লিন্টার লেগেছে। হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের, সৌরভ ও নবী হোসেনকে পুলিশ শিবিরের কর্মী সন্দেহে আটক করে। তবে তাহের নিজেকে পুরান ঢাকার কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সৌরভ ও নবী নিজেদের পথচারী দাবি করেন। মেহেদী হাসানকে পরে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের ককটেলের আঘাতে মেহেদী হাসানসহ পাঁচ পুলিশ আহত হন।বেলা সাড়ে ১১টার দিকে মেহেদীকে দেখতে ঢাকা মেডিকেলে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ও আনোয়ার হোসেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আইজিপি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, সমাজবিরোধী জামায়াত-শিবিরের অপতৎপরতা চালিয়ে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। তিনি জনগণকে আতঙ্কগ্রস্ত না হয়ে একসঙ্গে জামায়াত-শিবিরকে প্রতিরোধের আহ্বান জানান।পুলিশ জানায়, জামায়াত গতকাল মুফাসসিরিন উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ জনতার মঞ্চ ব্যানারে গণজমায়েতের ডাক দিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল, এই জমায়েতের নামে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত সড়ক দখল করে শক্তি প্রদর্শন করা। কিন্তু পুলিশের পূর্বপ্রস্তুতির কারণে তা সফল হয়নি।যাত্রাবাড়ীতে তাণ্ডব: বেলা দুইটার দিকে যাত্রাবাড়ীর বিদ্যুৎ অফিসের গলি থেকে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে প্রধান সড়কে এসে যানবাহন ভাঙচুর শুরু করেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মনিরুল ইসলাম ডান পায়ে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মনিরুল জানান, ফুটপাতে তাঁর ফলের দোকান আছে। দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এ ছাড়া স্থানীয় লোকজন রেজওয়ানুল কারীম ও আরিফ ফয়সল নামের দুই যুবককে শিবির সন্দেহে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। রেজওয়ানুল নিজেকে হকার ও আরিফ ছাত্র পরিচয় দেন।বেলা সোয়া একটার দিকে কুতুবখালীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন একদল শিবির কর্মী। তাঁরা বিআরটিসির দুটি বাস ভাঙচুর করেন।শ্যামলীতে আগুন দেওয়ার চেষ্টা: পুলিশ জানায়, বেলা একটার দিকে শ্যামলীর শিশুমেলার সামনে রিকশাভ্যানে কাঠের গুঁড়ি এনে রাস্তায় আগুন দেওয়ার চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং জামায়াতের আটক শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরে সহিংসতা চালাচ্ছেন দলটির কর্মীরা। গত মঙ্গলবারও কারওয়ান বাজার, পান্থপথ ও মতিঝিলে তাঁরা ব্যাপক তাণ্ডব চালান।চট্টগ্রামে ভাঙচুর, আগুনপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের মনছুরাবাদে দুপুর ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিভর্তি বস্তা নিয়ে রাস্তায় নামেন। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে কর্নেল হাটের দিকে যাওয়ার সময় আটটি বাস ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা কর্নেল হাট মোড়ে দুটি বাস আড়াআড়ি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় কর্নেল হাট বাজার ও আশপাশের লোকজন তাঁদের ধাওয়া করে। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করে।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, স্থানীয়দের বাধা ও পুলিশের উপস্থিতির কারণে হামলাকারীদের মহাসড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ হয়। দুপুরে শিবিরের কর্মীরা বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতুর সংযোগ সড়কের এক কিলোমিটার অংশে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়। সড়ক অবরোধের খবর পেয়ে চান্দগাঁও থানার পুলিশ অগ্রসর হলে শিবিরের কর্মীরা পালিয়ে যান।দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকা থেকে শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় অবস্থান নেন। এ সময় বিভিন্ন যান থেকে কিছু শিবিরের কর্মী নেমে মিছিলে যোগ দেন। তাঁরা একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেন এবং গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সেখানে গেলে তাঁরা পালিয়ে যান।জামায়াতের বিবৃতি: এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে দাবি করেন, ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও জনতার মঞ্চ আহূত গতকালের পল্টন মোড়ের গণজমায়েত করতে না দিয়ে তাঁদের ওপর পুলিশ ব্যাপক হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে শতাধিক আহত হয়েছে। পুলিশ চার শতাধিক লোককে গ্রেপ্তার করেছে।বিবৃতিতে দাবি করা হয়, গতকাল জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশ ব্যাপক হামলা ও গুলিবর্ষণ করে ৬৯ জনকে আহত করেছে। তাদের মধ্যে ৩৩ জন গুলিবিদ্ধ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১০৬ জন নেতা-কর্মীকে। বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।