ঢাকা ও চট্টগ্রামে পুলিশি বাধার মুখে বিএনপির মানববন্ধন, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্তরের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি ঢাকা ও চট্টগ্রামে পুলিশি বাধার মুখে পড়েছে। চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং ঘটনাস্থল থেকে ডবলমুরিং থানার পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়।বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে এ কর্মসূচি পালন করার কথা ছিল। ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কোথাও দাঁড়াতে দেয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমাদের প্রতিবেদকেরা জানান, মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতিকালে পুলিশ কল্যাণপুর থেকে বিএনপি নেতা হামিদুল্লাহ খান, দারুস সালাম এলাকা থেকে রফিকুল ইসলাম খানকে সরিয়ে দিয়ে নেতা-কর্মীদের হটিয়ে দেয়।চট্টগ্রামে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসিরসহ নেতা-কর্মীরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাঁদের কর্মসূচি পালন করতে দেয়নি। নগরের ওয়াসা, কাজীর দেউরি, লালখান বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ ব্যাপারে নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে কর্তব্যরত পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, ওপর থেকে তাদের প্রতি এমন নির্দেশই আছে।২৭ জুনের হরতালের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেছিলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে চায়। এ কর্মসূচিতে বাধা দেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।আর কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের ভাষ্য, ‘আইনশৃঙ্খলা যাঁরা বিঘ্নিত করবেন, তাঁদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে।’