ঢাকা ও চট্টগ্রামে বসন্ত বরণ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। গানে গানে বসন্ত বরণ করে নিতে আজ নানা আয়োজন করেছে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ। আয়োজকদের পক্ষ থেকে মানজারুল ইসলাম চৌধুরী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বেহালাবাদনের মধ্য দিয়ে সকালে শুরু হবে অনুষ্ঠান। থাকবে কথন পর্ব, একক ও সম্মেলক গান, নাচ, আবৃত্তি। সকাল সাড়ে নয়টা নাগাদ শুরু হবে বসন্ত শোভাযাত্রা। উৎসব প্রাঙ্গণে শিল্পী মুনিরুজ্জামানের নেতৃত্বে দেশের ১০ জন নবীন ও প্রবীণ শিল্পী ‘রংতুলিতে বসন্তে রঙের খেলা’ ভাবনার ওপর ছবি আঁকবেন। ছবিগুলো বিক্রি থেকে পাওয়া অর্থ খরচ করা হবে দুস্থ ব্যক্তিদের জন্য। সকালের অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিকেলে অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়। এখানেও থাকবে গান, নাচ আর আবৃত্তি। এ পর্বটি সরাসরি দেখাবে এটিএন বাংলা। বিকেল চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে শুরু হবে বসন্তবরণ অনুষ্ঠান। এখান থেকে সরাসরি সম্প্রচার করবে এনটিভি। বকুলতলা ও রবীন্দ্রসরোবরে আয়োজিত দুটি অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন এবং জনপ্রিয় শিল্পীরা। চট্টগ্রামে বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বোধন। সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার জানান, ডিসি হিলে এই অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায়। চলবে রাত নয়টা পর্যন্ত। দুপুরে হবে শোভাযাত্রা। পুরো আয়োজনে থাকছে চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি। সকালে ডিসি হিল থেকে আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।