ঢাকা ও চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের তিন কর্মী গ্রেপ্তার
সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রাজধানীর বাসাবো এবং একজনকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।রাজধানীর সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে বাসাবোর আগমন সিনেমা হলের সামনে পোস্টার লাগানোর সময় পুলিশ মো. আলাউদ্দিন (২৫) ও মো. আবদুল কাইয়ুম (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের কাছে থাকা পোস্টারে লেখা ছিল, শহীদদের স্মরণে কাঁদো মুসলিম কাঁদো। সরকারি সহযোগিতায় ভারত কর্তৃক পিলখানা হত্যাকাণ্ড জাতি কখনো ভুলবে না। চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় হিযবুত তাহ্রীরের পোস্টার লাগানোর সময় গত রোববার রাতে ওই সংগঠনের নাজমুল হুদা নামের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বলে জানা গেছে। তিনি চট্টগ্রামে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে অধ্যয়নরত।পুলিশ নাজমুলের কাছ থেকে উসকানিমূলক আটটি পোস্টার জব্দ করে। এসব পোস্টারে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনাসদস্যদের স্মরণ ও প্রতিশোধস্পৃহায় জাগ্রত হওয়ার আহ্বানসংবলিত বক্তব্য রয়েছে।গতকাল সোমবার দুপুরে নাজমুলকে নিয়ে পুলিশ অক্সিজেন মোড় এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে সাত ধরনের ৪৫টি প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করে। এ সময় তাঁর ব্যবহূত কম্পিউটার জব্দ করা হয়।পুলিশ জানায়, নাজমুল নিজেকে হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এসব পোস্টার ও লিফলেট ঢাকা থেকে পাঠানো হয়। চট্টগ্রামের ১০ জন সক্রিয় কর্মী এসব পোস্টার-লিফলেট গোপনে বিতরণের জন্য তাঁদের মতো কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের কার্যক্রমের সমন্বয় করেন।মহানগর পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের যেসব সদস্য চট্টগ্রামে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁদের বেশির ভাগই অন্য জেলার। এ কারণে তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এ ধরনের বহিরাগতদের পক্ষে যেকোনো অঘটন ঘটিয়ে সহজেই পালিয়ে যাওয়া সম্ভব। এটিই আমাদের ভাবিয়ে তুলেছে।’জানা যায়, নাজমুলকে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁকে নিয়ে পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল। তাঁর দেওয়া তথ্য যাচাই এবং যাঁদের নাম-ঠিকানা তিনি দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারে এ অভিযান চলছিল।