ঢাকা ও বরগুনায় গত শুক্রবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। র্যাব জানিয়েছে, ঢাকায় নিহত দবির তালিকাভুক্ত সন্ত্রাসী ও বরগুনার আবদুল খালেক (৫০) ডাকাত।র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-৪-এর কাছে গোপন খবর আসে, কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৪, ঢাকার একটি বিশেষ দল নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে রাত পৌনে তিনটার দিকে র্যাব সন্ত্রাসীদের ঘিরে ফেলে আটক করার চেষ্টা করে। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা র্যাবকে গুলি করে। র্যাব পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে রাতের আঁধারে সন্ত্রাসীরা পিছু হটে এবং পালিয়ে যায়।গোলাগুলির শব্দে স্থানীয় লোকজন এবং পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান, রিভলবারের চারটি তাজা গুলিসহ পাঁচটি গুলি উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে নিহতের নাম নবীর হোসেন ওরফে তকদির হোসেন ওরফে তবির ওরফে দবির বলে জানা যায়। সে এলাকার শীর্ষ সন্ত্রাসী জামিলের দ্বিতীয় প্রধান। সে মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী রোডের ই ব্লকের ৮ নম্বর লেনে থাকত। তার বাবার নাম কাশেম বেপারী। গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার আনন্দবাজারে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী দবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজিসহ আটটি মামলা ও শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।গতকাল রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে থাকা দবিরের লাশের খোঁজে কেউ আসেনি।বরগুনা: র্যাব-৮-এর উপসহকারী পরিচালক শফিক আহমেদ প্রথম আলোকে জানান, শুক্রবার রাত দুইটার দিকে র্যাবের একটি বিশেষ দল বরগুনার ফুলঝুরি বাজারের দিকে যাচ্ছিল। র্যাব সেখানে কয়েকজনের উপস্থিতি টের পায়। এ সময় র্যাব তাদের দিকে এগোতেই তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে একটি মৃতদেহ, দুটি এলজি, ছয়টি গুলি ও দুটি রামদা পাওয়া যায়। স্থানীয় লোকজন ওই লাশটি খালেকের বলে শনাক্ত করে।বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) আবু আকবর জানান, খালেক বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামের কাসেম হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে বরগুনা থানায় একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।