সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকা ও বরিশাল বিভাগে সাড়ে তিন লাখ লোক নাম নিবন্ধন করেছেন। গত তিন দিন ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে এই দুই বিভাগে নিবন্ধন অনুষ্ঠিত হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নিবন্ধনের বিষয়টি তদারকি করছে। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধনের কাজ চলেছে। এই নিবন্ধনের জন্য মাত্র ৫০ টাকা করে নেওয়া হয়েছে।বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা আজ রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ রাত আটটা পর্যন্ত ঢাকা ও বরিশাল বিভাগে মোট তিন লাখ ৩৯ হাজার লোক নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে দুই লাখ ৭৮ হাজার এবং বরিশাল বিভাগে ৩৯ হাজার লোক নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত লাইনে ছিলেন এমন অনেকের নিবন্ধন এখনো চলছে।’ বিএমইটি সূত্রে জানা গেছে, কাল বুধবার এই দুই বিভাগের নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পাওয়া কর্মী নির্বাচন করা হবে। মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। তাই সারা দেশে এখন এই খাতে কর্মী নেওয়ার জন্য নাম নিবন্ধন চলছে। বনায়ন খাতের কর্মী হিসেবে যাঁরা মালয়েশিয়ায় যেতে চান, তাঁদের বাংলাদেশের নাগরিকত্ব, কৃষিকাজে অভিজ্ঞতা, বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট বা তদূর্ধ্ব, ওজন কমপক্ষে ৫০ কেজি এবং ২৫ কেজি মালামাল হাতে করে বহনের ক্ষমতা থাকতে হবে। সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হবে। বনায়ন খাতের এই কর্মীরা ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন পাবেন। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই নিবন্ধন হবে। এখানে লটারি হবে ১৯ জানুয়ারি। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে। এই দুই বিভাগে লটারি হবে ২২ জানুয়ারি।প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রতি বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটারের স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ কর্মী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়া পাঠানোর জন্য চূড়ান্তভাবে ১১ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে যাঁরা যাওয়ার সুযোগ পাবেন তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।