রাজধানী ঢাকা ও রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় রাজশাহীতে ২০ জন আহত হন। এর মধ্যে বিমানবাহিনীর একজন করপোরালসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকায় ১০ জন আহত হয়েছেন বলে ছাত্রশিবির দাবি করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীর মুক্তিযোদ্ধা গলি দিয়ে শিবির ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মহাখালী রেলক্রসিংয়ের দিকে এগোতে থাকে। এ সময় মিছিলকারীরা গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।প্রায় একই সময় মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে শিবির ঝটিকা মিছিল বের করে। তারা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।শিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল টিকাটুলী ও মহাখালীতে মিছিলে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটে ১০ কর্মী আহত হন। সাতজনকে আটক করা হয়।পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, পুলিশ রাবার বুলেট ছুড়ে জামায়াত-শিবিরের মিছিল ছত্রভঙ্গ করে দেয়।গত বুধবার রামপুরা এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পথচারীসহ অন্তত ৫০ জন আহত হন।রাজশাহী: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজশাহী নগরের সোনাদীঘি মসজিদের সামনে দুপুরের পর শিবিরের কর্মীরা সমবেত হতে থাকেন। বেলা দুইটার দিকে তাঁরা স্লোগান দিয়ে রাস্তায় ইট ভাঙতে শুরু করেন এবং খড়ে আগুন দেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ সেখান থেকে মালোপাড়া ফাঁড়ির দিকে সরে যায়। শিবিরের কর্মীরা ধাওয়া করে পুলিশকে বাটার মোড়ের দিকে নিয়ে যান। দুই পক্ষে প্রায় ২০ মিনিট সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিভিন্ন গলিপথ থেকে ১৯ জনকে আটক করে।সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে হোসেন মো. ইমতিয়াজ ওরফে সোহেল রানা (২৬) ও বিপ্লব (২৬) নামের দুজন পথচারী গুলিবিদ্ধ হন। ইমতিয়াজ বিমানবাহিনীর করপোরাল। তাঁরা দুজন বন্ধু। ইমতিয়াজকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বোয়ালিয়া থানার পুলিশ জানায়, বিপ্লবকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।হাসপাতালে ইমতিয়াজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের দুজনকে খুব কাছ থেকে গুলি করে পুলিশ থানায় নিয়ে যায়।রাজশাহী মহানগর শিবির এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, পুলিশ প্রস্তুত থাকায় তারা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগান থেকে গুলি করেছে।নীলফামারী: পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গতকাল নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতের আমির কাজী আবু জাফর ও সেক্রেটারি আবদুল হাকিম, শিবিরের সভাপতি জহুরুল ইসলাম, সেক্রেটারি জয়নুল আবেদীনসহ ৩৮ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠান আদালত। তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ব্রাহ্মণবাড়িয়া: গত ৪ ডিসেম্বর পুলিশের গাড়ি পোড়ানোর মামলার আসামি জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলামকে গতকাল সদর উপজেলার উড়শীউড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া জেলখানা এলাকা থেকে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এদিকে নবীনগর থানার পুলিশ গত বুধবার জামায়াতের স্থানীয় দুই নেতা সাইফুর রহমান ও তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে।কুমিল্লায় রোববার হরতাল আহ্বান: জামায়াতের নেতা আবদুল্লাহ মো. তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার কুমিল্লায় অর্ধদিবস হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। গতকাল দুপুরে টমছম ব্রিজ এলাকার একটি বাসায় দক্ষিণ জেলা জামায়াতের আমির আবদুস সাত্তার এ হরতাল আহ্বান করেন।