প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বায়ন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবজনিত বহুবিধ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার ভিয়েতনাম সফররত শেখ হাসিনার সম্মানে দেশটির প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং-এর দেওয়া নৈশ ভোজসভায় তিনি এই আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভিয়েতনাম উভয়েই উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বায়ন, বৈশ্বিক, অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবজনিত অনেকগুলো অভিন্ন সমস্যা মোকাবিলা করছে। আমাদের সম্মিলিত শক্তির ওপরই এসব চ্যালেঞ্জ মোকাবিলার সাফল্য নির্ভর করছে।’শেখ হাসিনা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে দেখা এবং তা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের দুটি দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখা এবং তা কাজে লাগানো প্রয়োজন। ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি বিশাল বাজার।’শেখ হাসিনা বলেন, ভিয়েতনামী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের উপযোগী পরিবেশ বিরাজ করছে। তিনি গঙ্গা-ম্যাকং কো-অপারেশন ইনিশিয়েটিভ, দ্য ইস্ট-ওয়েস্ট ইকোনমিক করিডর ও আসিয়ান ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন কামনা করেন।প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী গতকাল প্রেসিডেন্ট প্রাসাদে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুং তান সাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।কমিউনিস্ট পার্টির কার্যালয়ে: শেখ হাসিনা গতকাল বিকেলে হ্যানয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ত্রং (চুং)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।হাসিনা-নগুয়েন বৈঠক: গতকাল ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান।দুটি চুক্তি সই: বাংলাদেশ ও ভিয়েতনাম কৃষি, মৎস্য ও পশুসম্পদ এবং ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার হ্যানয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর এসব চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিয়েতনাম ও লাওসে ছয় দিনের সরকারি সফরে গতকাল হ্যানয়ে পৌঁছান। সেখানে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হো জুয়াং সন স্বাগত জানান। এরপর সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ৪ নভেম্বর লাওসের উদ্দেশে হ্যানয় ত্যাগ করবেন। সেখানে তিনি ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠেয় রাষ্ট্র ও সরকারপ্রধানদের নবম এশিয়া-ইউরোপ শীর্ষ (এএসইএম-৯) সম্মেলনে যোগ দেবেন। ৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।