ঢাকা ওয়ানগালা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ নভেম্বর বনানী বিদ্যা নিকেতনে বসেছিল গারো সম্প্রদায়ের শস্যদেবতাকে কৃতজ্ঞতা জানানোর এই আসর বনানী বিদ্যানিকেতনের প্রধান ফটক গলে ভেতরে গিয়ে দেখা গেল এলাহি কাণ্ড। মাঠে বিরাট শামিয়ানা টানানো। এক পাশে দেবতার বেদি ‘তাততারা রাবুকা’য় রাখা বাঁশ দিয়ে বানানো শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতিমা। পাশে মোরগ বাঁধা, সঙ্গে আছে ধূপ, শাকসবজি, ফলমূল। মাঠের মধ্যখানে প্রাচীন গারো পুরুষের মূর্তি, যিনি লম্বা বাঁশি বাজাচ্ছেন। সারা মাঠ ঘুরে দেখতে না দেখতেই শুরু হয়ে গেল ওয়ানগালা উৎসব।ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হচ্ছে ওয়ানগালা। গারো সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে, শস্যদেবতা ‘মিসি সালজং’ মানব জাতিকে প্রথম ফসল দিয়েছিলেন। তিনি সারা বছর পরিমাণমতো আলো-বাতাস, রোদ-বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন। তাই গারোরা নবান্নে নতুন ফসল ঘরে তোলার সময় মিসি সালজংকে ধন্যবাদ জানাতে উৎসবের আয়োজন করে।গারো সমাজে কথিত আছে, শস্যদেবতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর এ রেওয়াজ প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে গারো সমাজে। ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারোদের মূল্যবোধ ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ পায়। এ উৎসবের পেছনে একটি কাহিনি প্রচলিত আছে: একদিন গারোদের পূর্বপুরুষ আ নি আফিলফা জঙ্গলে বন্য আলু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় শস্যের দেবতা মিসি সালজং ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দেবতা আ নি আফিলফাকে এসে জিজ্ঞেস করেন, তিনি কোনো দিন ভাত খেয়ে দেখেছেন কি না। উত্তরে আ নি আফিলফা তাঁকে বলেছিলেন, ভাত খাওয়া তো দূরের কথা, জিনিসটা যে কী তা তিনি জানেন না। দেবতা আ নি আফিলফার হাতে ধানের কিছু বীজ তুলে দেন। তারপর নির্দেশ দেন যেন ধান উৎপাদনের পর তাঁর স্মরণে উৎসব করা হয়। পরের বছর আ নি আফিলফার জমিতে খুব ফসল হলে নতুন শস্য ও ফলমূলের জন্য দেবতার প্রতি ধন্যবাদ জানিয়ে উৎসব পালন করেন। এভাবেই ওয়ানগালা উৎসবের সূচনা হয় বলে গারো সম্প্রদায় বিশ্বাস করে।ওয়ানগালা উৎসবকে শীত ঋতুর আগমনী উৎসব হিসেবেও দেখা হয়। এ ছাড়া এ উৎসবের পরপরই নতুন নকমা (সম্প্রদায়প্রধান) নির্বাচন করা হয়। আদিবাসী গারো বা মান্দি সম্প্রদায়ের যারা ঢাকা শহরে বাস করছে, তাদের উদ্যোগে বছর পাঁচেক আগে শহরে প্রথম ওয়ানগালা উৎসব শুরু হয়। ৮ নভেম্বর বনানী বিদ্যানিকেতনের মাঠে এবার ষষ্ঠবারের মতো বসেছিল ওয়ানগালা উৎসব। সারা দিন চলে এ উৎসব।নকমা (সম্প্রদায়প্রধান) প্রত্যেশ রাংসার নেতৃত্বে নাচ-গান করতে করতে একটা দল তাততারা রাবুকার দিকে এগিয়ে আসছে। সঙ্গে নকমি (সম্প্রদায়প্রধানের স্ত্রী) ও খামালও (পুরোহিত) আছেন। তাঁদের পেছনে দেখা গেল সম্প্রদায়ের সাধারণ লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান করছে। তাততারা রাবুকার সামনে গিয়ে চু (একধরনের মদ) ছিটিয়ে, মোরগ জবাই করে তার রক্ত দেবতার উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে। সঙ্গে চলছে মন্ত্রপাঠ আর ধূপদানিতে ধূপ ছুড়ে মারা। এ সময় নকমা-নকমি হাতজোড় করে দেবতার উদ্দেশে দাঁড়িয়ে থাকেন।ওয়ানগালার বিভিন্ন পর্যায়ে আরও ছিল ‘চু রুগালা’, যা হচ্ছে মিসি সালজং দেবতার উদ্দেশে শস্য, শাকসবজি ও বাদ্যযন্ত্রের ওপর চু ঢেলে নৈবেদ্য উৎসর্গ করা। ‘থক্কা রুগালা’য় নতুন ধানের চালের গুঁড়া জলে মিশিয়ে শস্যের ওপর ও বাড়ির দেয়ালে ছিটিয়ে দেওয়া হয়।গারো সম্প্রদায়ের খামাল (পুরোহিত) জনশন খামাল বলেন, এ অনুষ্ঠানে ‘নকমা-নকমি’ দোও (মোরগ), চু (মদ) দেন দেবতার বেদি তাততারা রাবুকায়। এর মাধ্যমে বাঁশ দিয়ে বানানো দেবতার প্রতিমা ‘রাক্কাসী’র প্রতি তাঁরা মূলত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।দিনভর নাচ-গানসহ নানা আয়োজন ছিল ওয়ানগালা উৎসবে। উৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থলে বসেছিল গারোদের ঐতিহ্যবাহী মেলা। আদিবাসী সম্প্রদায়ের হাতে বানানো নানা ধরনের পণ্য ছিল এ মেলায়। ময়মনসিংহের গারোপাড়া থেকে আদি বাদ্যযন্ত্র বাজাতে ঢাকা ওয়ানগালা উৎসবে এসেছিলেন প্রফুল্ল মানখিন ও শিলং রামা। তাঁরা জানালেন, তাঁদের বয়স শত বছর ছাড়িয়েছে। তাঁরা উৎসবে কাল (বাঁশ দিয়ে বানানো লম্বা বাঁশি), দামা (লম্বা ঢোল) ও বোম (মহিষের শিং দিয়ে বানানো বাঁশি) ব্যবহার করেছেন। তাঁদের বাজনার তালে তালে নেচেছে যুবক-যুবতীরা।