ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, বিশুদ্ধ পানি পেতে ১০ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১০টা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পূর্ব পাশে ঢাকা ওয়াসার পানির পাম্পের সামনে নারী-পুরুষের দীর্ঘ লাইন। কারও হাতে জার, কারও হাতে কলসি, বালতি বা হাঁড়ি। জানা গেল, ওয়াসার সরবরাহ লাইনের পানিতে দুর্গন্ধ থাকায় পাম্পের কল থেকে পানি নিতে এসেছেন তাঁরা। তাঁদের কারও কারও বাসা ওই পাম্প থেকে বেশ দূরে।গত শনিবার রাতের দৃশ্য ছিল এটি। জানা গেছে, ওই পাম্প এলাকার চারপাশের মতো রাজধানীর অনেক এলাকায় ওয়াসার সরবরাহ লাইনের পানিতে এখন দুর্গন্ধ-ময়লা। ঢাকাবাসীকে ভূ-উপরিস্থ বিশুদ্ধ পানি উপহার দিতে ওয়াসার হিসাবেই লাগবে আরও ১০ বছর। এমন বাস্তবতায় আজ ২২ মার্চ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস।রাজারবাগ পুলিশ লাইনের পূর্ব পাশের ওই পানির পাম্পের সামনে সাইনবোর্ডে লেখা ‘নিরাপদ পানি সরবরাহ, সৌজন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।’ শনিবার রাতে ওই পাম্পের কল থেকে পানি নিতে আসা চামেলীবাগের আনন্দ হাউসের গৃহিণী ফেরদৌস জাহান বলেন, ওয়াসার সরবরাহ করা পানি এত ময়লা আর দুর্গন্ধে ভরা যে, খাওয়া তো দূরে থাক, ব্যবহারও করা যায় না। তাই খাবার পানি সংগ্রহের জন্য নিয়মিতই এখানে আসতে হয় তাঁকে।পুরানা পল্টন লাইন থেকে আসা একটি বাড়ির তত্ত্বাবধায়ক সোলায়মান ক্ষোভের সঙ্গে বললেন, ‘ওয়াসার পানিতে বিষ্ঠা। আর এই পানিরই বিল দিতে কোনো কারণে দেরি হইলে ওয়াসার লোকেরা লাইন কাটনের হুমকি দ্যান।’ কমলাপুরের জসীমউদ্দীন রোড থেকে আসা গৃহকর্মী আকলিমার মা জানান, একটি জার বাসায় দিয়ে আবারও তাঁকে এখানে আসতে হবে।ওই পাম্প এলাকায় কর্তব্যরত পুলিশসদস্য আবদুল খালেক বললেন, রাত ১২টা, এমনকি ভোররাতেও্রপানি নিতে আসেন অনেকেই। বেশি ভিড় হয় সকাল সাতটা আর বিকেল চারটার দিকে।ওই পাম্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইনবোর্ড সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ওয়াসার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম গতকাল সোমবার বলেন, ওই পাম্প ঢাকা ওয়াসারই, তবে এখানে পানি বিতরণকাজে সহায়তা করছে পুলিশ।কেবল রাজারবাগ পুলিশ লাইনের পাম্প নয়, গোপীবাগ, স্বামীবাগ, মুগদাপাড়া, বাসাবোসহ বিভিন্ন এলাকায় ওয়াসার পাম্পহাউসগুলোয়ও থাকছে মানুষের কম-বেশি ভিড়। ওয়াসা সূত্র জানায়, ওয়াসার লাইনের পানির তুলনায় পাম্পগুলো থেকে নেওয়া পানি তুলনামূলক ভালো বলে পাম্পে ভিড় বাড়ছে।অভয় দাস লেন, মানিকনগর, আরামবাগ, ফকিরাপুল, পুরানা পল্টন, বাসাবো, কদমতলা, মাদারটেক, সিপাহীবাগ, মেরাদিয়া, ভূঁইয়াপাড়া, মালিবাগ, তাঁতীবাজার, রাজার দেউড়িসহ পুরান ঢাকার অনেক এলাকা এবং বৃহত্তর মিরপুরসহ বিভিন্ন স্থানের পানিতেও বেড়েছে দুর্গন্ধ।পুরানা পল্টন লাইনের কয়েকজন বাসিন্দা জানান, অভিযোগ জানানোর পর তাঁদের এলাকার দুর্গন্ধযুক্ত পানি পরীক্ষার জন্য ওয়াসা সংগ্রহ করেছে। কিন্তু ১৫ দিন পরও এ বিষয়ে ওয়াসা কিছু জানায়নি বা পানির দুর্গন্ধ কাটেনি।পানিতে দুর্গন্ধ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, সায়েদাবাদ পানি শোধনাগারে ব্যবহার করা শীতলক্ষ্যার পানিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও অ্যালজি (সরল জলজ অণুজীব)। এগুলো ধ্বংস করার জন্য নির্ধারিত মাত্রার প্রায় তিনগুণ ক্লোরিন ও অ্যালুমিনিয়াম সালফার ব্যবহার করতে হচ্ছে। সরবরাহ করা পানিতে এগুলোরই গন্ধ। এই পানিতে অভক্তি থাকারই কথা। তবে এ পানি ক্ষতিকারক নয়। শোধনাগারে দুই ঘণ্টা পরপর পরীক্ষা করা হচ্ছে।বিশুদ্ধ পানি দিতে লাগবে ১০ বছর: রাজধানীবাসীকে ভূ-উপরিস্থ বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য ওয়াসা কয়েকটি প্রকল্প নিয়েছে। এগুলো হলো সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়, পদ্মা প্রকল্প, খিলক্ষেত পানি শোধনাগার। ওয়াসা সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে এসব প্রকল্প বাস্তবায়ন হতে ১০ বছর সময় লাগবে। তবে এসব প্রকল্প দিয়ে চাহিদার ৭০ শতাংশ সরবরাহ করা যাবে। বাকি ৩০ শতাংশ নেওয়া হবে ভূগর্ভ থেকে। বর্তমানে সরবরাহের ১৩ শতাংশ ভূ-উপরিস্থ পানি।ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ওই চারটি প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে পর্যাপ্ত তহবিল পাওয়ার ওপর। সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায় ছাড়া অন্য কোনো প্রকল্পের তহবিল এখনো পাওয়া যায়নি। এসব প্রকল্পে যেসব সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে, তাদের কারও কারও সুদের হার বেশি। নানা শর্তও দেওয়া হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৬-২০০১) সায়েদাবাদ শোধনাগার স্থাপনের সময়কালে দাতা সংস্থা চার দফায় ঋণ তুলে নেওয়ার হুমকি দিয়েছিল।সূত্র জানায়, কাজ ঠিকমতো হলে সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালু হতে আরও আড়াই বছর সময় লাগবে। এখান থেকে দৈনিক সাড়ে ২২ কোটি লিটার পানি পাওয়া যাবে। এই প্রকল্পে ব্যয় হবে ২০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা)। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার আগে তৃতীয় পর্যায়ের কাজ শুরুর কথা থাকলেও এ প্রকল্পের সময়কালই এখনো ঠিক হয়নি। এ ছাড়া পদ্মা নদীর পানি ব্যবহার করে যে প্রকল্প হবে সেই পদ্মা প্রকল্পের কাজও তেমন এগোয়নি। এমনকি জায়গাও নির্বাচন হয়নি। দুই হাজার এক কোটি টাকা ব্যয়সাপেক্ষ এই প্রকল্পের অর্থের জোগানদাতাও ঠিক হয়নি।্রএ প্রকল্প বাস্তবায়িত হলে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পাওয়া যাবে।মেঘনা নদী থেকে পানি এনে খিলক্ষেতে শোধনাগার নির্মাণের প্রকল্পের অবস্থাও প্রায় একই। দৈনিক ৫০ কোটি লিটার উৎপাদনক্ষমতার ওই শোধনাগার বাস্তবায়নে খরচ হবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, খিলক্ষেত প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দেবে বলে ক্ষীণ একটি আশা আছে। প্রকল্প ক্ষেত্রের সম্ভাব্যতা (ফিজিবিলিটি) পরীক্ষা করছে এডিবি। মে মাস নাগাদ প্রতিবেদন পাওয়া যেতে পারে। তিনি বলেন, বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার পানি এত দূষিত যে, নদী দুটির ওপর আর নির্ভর করা যাচ্ছে না। ভূ-উপরিস্থ (সারফেস) পানির উৎস হিসেবে পদ্মা ও মেঘনা নদীকে বেছে নিতেই হবে। এগুলোর পানি ব্যবহার করে শোধনাগার করার যেসব প্রকল্প প্রক্রিয়াধীন, সেগুলো চালু করতে অন্তত ১০ বছর সময় লাগবে। ভবিষ্যতে সায়েদাবাদ শোধনাগারের পানিও শীতলক্ষ্যার পরিবর্তে অন্য নদী থেকে আনা হবে।সংশ্লিষ্ট সূত্রমতে, রাজধানীতে ওয়াসা এবং বেসরকারি মিলে দেড় হাজারের বেশি গভীর নলকূপ রয়েছে। এগুলোর কারণে প্রতিবছর রাজধানীর বিভিন্ন স্থানে পানির স্তর তিন মিটারেরও বেশি নেমে যাচ্ছে। তাই ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরতা বাড়াতে হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা ও ঢাকাবাসীকে ভালো রাখতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের কোনো বিকল্প নেই। যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পগুলোর বাস্তবায়ন জরুরি।