‘কল ছাড়লে দুর্গন্ধে আপনি থাকতে পারবেন না। নোংরা পানি খেয়ে আমার ছেলেটা টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এতটুকু একটা ছেলে, তাকে ১০টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আরও চারটা দিতে হবে। স্কুলের পরীক্ষাও দিতে পারেনি।’ বলছিলেন আজিমপুরের রায়হান ইন্টারন্যাশনাল স্কুলের নার্সারির ছাত্র আরাফের মা দিপ্তী।আজিমপুর অফিসার্স কোয়ার্টার, দায়রা শরিফ এলাকা ও পলাশী মসজিদসংলগ্ন এলাকায় ওয়াসার পানির সঙ্গে ময়লা আসছে। এমনকি মানুষের মল পর্যন্ত আসছে কল দিয়ে। এই পানি ব্যবহার করায় এলাকার অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।এলাকাবাসী জানান, গত জানুয়ারি মাস থেকেই দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন তাঁরা। মাস খানেক ধরে কলে দুর্গন্ধের সঙ্গে ময়লা ও ঘোলাটে পানি বের হচ্ছে। আর সপ্তাহ খানেক ধরে পানির সঙ্গে আসছে মানুষের মল। এ কারণে কল ছাড়লে দুর্গন্ধে টেকা কষ্টকর হয়ে পড়ে। যার যার সাধ্যমতো পানি কিনে খাচ্ছে এলাকাবাসী। আবার আগের তুলনায় পানি খাওয়াটাও কমিয়ে দিয়েছে কেউ কেউ। আর রান্নার কাজে এই নোংরা পানিই ফুটিয়ে ব্যবহার করা হচ্ছে। কারণ, এত পানি সবার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না, যার কারণে এই নোংরা পানি খাবারের সঙ্গে শরীরে ঢুকছে। তিন-চার দিন পর পর গোসল করছে তারা। গোসল করলে শরীর আঠালো হয়ে থাকে এবং শরীর থেকে দুর্গন্ধ বের হয়।আজিমপুরের দায়রা শরিফ এলাকার বাসিন্দা খন্দকার আনোয়ারুল আজিম বলেন, ‘আমার পেটে সমস্যা হয়েছে দুই দিন। ডাক্তারের কাছেও গিয়েছি।’ এলাকায় টাইফয়েড, ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে অনেকে। এর মধ্যে শিশু আর বয়স্ক লোকের সংখ্যাই বেশি। এই এলাকার শেফালী গার্ডেনের বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত চারবার ঢাকা ওয়াসায় লিখিত অভিযোগ করেছি। মাত্র একবার ওয়াসা থেকে একজন লোক এসে পানি নিয়ে গেছে। এ পর্যন্তই শেষ। এই পানি ব্যবহার করলে তো সবাই মরে যাব। টাইফয়েড হয়ে আমার বাচ্চাটার খুবই খারাপ অবস্থা। তবে পরিহাস হচ্ছে, ঢাকা ওয়াসা এই পানি সরবরাহ করেও কয়েক দিন আগে নাকি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।’পানিতে মানুষের মল আসা প্রসঙ্গে ঢাকা ওয়াসার মডস জোন-২-এর উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সঙ্গে ১৮ মে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পানির লাইন মাটির নিচে থাকায় কোন জায়গায় সমস্যা হয়েছে, তা খুঁজে বের করতে সময় লাগছে। সমস্যা সমাধানে আমরা চেষ্টা করছি।’ আজিমপুরে পানির সংকট ও দুর্গন্ধের কথা জানানোর নম্বর: ৭৩১৮২৯৫ (নির্বাহী প্রকৌশলী, মড্স জোন-২, ঢাকা ওয়াসা)