ঢাকা ওয়াসার ৩০ শতাংশ পানিই অপচয় হয়, কষ্টে গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার মোট উত্তোলিত পানির ৩০ শতাংশই অপচয় হয়। অর্থাৎ দৈনিক ২৫০ কোটি লিটার চাহিদার বিপরীতে উত্তোলিত ১৯৪ কোটি লিটার পানির প্রায় ৫৮ কোটি লিটার অপচয় হয়। এর ফলে রাজধানীতে পানির প্রকৃত ঘাটতি সব মিলিয়ে ১১৮ কোটি লিটার। ওয়াসার দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। ৩০ শতাংশ পানি অপচয়ের জন্য গ্রাহকদের পাশাপাশি ওয়াসার নিজস্ব গাফিলতিও দায়ী।এদিকে রাজধানীর অনেক এলাকায়ই বৈধ গ্রাহকেরা দিনের পর দিন পানির জন্য কষ্ট পোহাচ্ছেন। এর মধ্যে ১, ২, ১০ নম্বরসহ বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, পাইকপাড়া, জনতা হাউজিং, শাহআলীবাগ; পূর্বাঞ্চলীয় আহম্মেদনগর, বাসাবো, কদমতলা, খিলগাঁও, রামপুরা, হাজীপাড়া, মানিকনগর, মুগদা; পুরান ঢাকার গোপীবাগ, ওয়ারী, নারিন্দা, তাঁতীবাজার, রাজার দেউরী, গোয়ালনগর, পানি টোলাসহ বেশির ভাগ এলাকা; মধ্য ঢাকার বাংলামোটর-সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিট, তেজতুরি বাজার, ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা, লালমাটিয়া, ধানমন্ডি ২, ৩, ৫ নম্বর সড়ক, মোহাম্মদপুরের নূরজাহান রোড প্রভৃতি।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানও অপচয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওয়াসার ভেতর-বাইরের অপচয় না কমালে পানির সমস্যা মিটবে না। তিনি বলেন, পানির ঘাটতি মেটাতে ওয়াসা স্বল্পমেয়াদি প্রকল্পে চলতি মৌসুমেই ৪৫টি নতুন গভীর নলকূপ বসিয়েছে এবং ৫২টি প্রতিস্থাপিত করেছে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ঘাটতি মেটানোর ওপর জোর দেওয়া হচ্ছে। খোলা ছিপি দিয়ে পানি পড়ছেই: পুরান ঢাকার হাজারীবাগ থেকে সদরঘাট হয়ে ফুলবাড়ীয়া ও নবাবপুর রোড পর্যন্ত এলাকায় ওয়াসার ৩২৯টি পানির কল রয়েছে। এ ছাড়া লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, শ্যামবাজার, সূত্রাপুর, মিলব্যারাকসহ আশপাশের এলাকায় আছে ২৬৭টি কল। এসব কল থেকে গরিব লোকজন ছাড়াও এলাকার অনেক বাসিন্দা পানি নেন। কিন্তু এসব কলের অনেকগুলোরই ছিপি নেই। বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ছিপি না থাকা কল দিয়ে পানি পড়ে রাস্তা তলিয়ে যাচ্ছে। বড় কাটরায় ছিপি না থাকা এমন একটি কল দিয়ে পানি পড়তে দেখা যায়। সেখানে থাকা সুফিয়া বেগম জানান, কলের ছিপি চুরি হয়ে গেছে। প্রায়ই ছিপি চুরি হয়। কয়েক দিন আগেই এলাকার ব্যবসায়ীদের সহায়তায় ২৫০ টাকা দিয়ে ছিপি লাগানো হয়েছিল। তিনি জানান, এই কল থেকে পানি সংগ্রহ করে তিনি প্রতি কলস পানি দুই টাকা করে দোকান ও বাসায় বিক্রি করেন।মৌলভীবাজারের ভেতরের একটি কল থেকেও পানি পড়তে দেখা যায়। ওই কল থেকে পানি নিয়ে দোকানে দোকানে বিক্রি করেন রহিমা খাতুন। তিনি জানান, দিনে তিনবার পানি আসে। লোকজন না থাকলে পানি পড়ে নষ্ট হয়। ৭৮ মৌলভীবাজারের বাড়ির সামনে থাকা কলেও ছিপি নেই। সামনের দোকানের কর্মচারী আল-আমীন জানান, দেড় মাস ধরে কলের ছিপিটি তিনি ভাঙা দেখছেন। পানি নেওয়ার জন্য যখন কেউ থাকে না তখন পানি পড়ে রাস্তা ভেসে যায়। লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জের মালাকার টোলা, মিলব্যারাকেও ছিপিহীন কল থেকে পানি পড়তে দেখা যায়। গোয়ালনগরে একটি, তাঁতীবাজার মোড়ে একটি, রহমতগঞ্জে একটি কলের ছিপি দেখা যায়নি। ছিপিহীন এসব কলের পানির অনেকাংশে অপচয় হচ্ছে। ওয়াসার অঞ্চল-২-এর সহকারী প্রকৌশলী ফাহমিদা ইসলাম জানান, এসব কলে সমস্যা দেখা দিলে তাঁদের লোকজন তাত্ক্ষণিক মেরামতের ব্যবস্থা করেন। ছিপি চুরি ও অপচয় রোধে এ পর্যন্ত প্রায় ৫০টি হাইড্রেন ঢালাই মেরামত করে দেওয়া হয়েছে। যাতে মাদকসেবীরা কল চুরি করতে না পারে। অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম প্রথম আলোকে বলেন, এসব পানির কলের মিটার নেই। এই পানির বিল ঢাকা সিটি করপোরেশন দেয়। অভিজাত এলাকায় অপচয়: নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুরান ঢাকায় পানির অপচয় হয় চোখের সামনে। কিন্তু অভিজাত এলাকায় অপচয় হয় আড়ালে এবং তা পরিমাণেও অনেক বেশি। কয়েক বছর আগে ওয়াসার এক জরিপের তথ্য অনুযায়ী, অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা-ধানমন্ডিতে পানির মিটারের বাইরে আলাদা অবৈধ সংযোগও কম নয়। এসব এলাকার অনেক বাড়িতেই একাধিক গাড়ি থাকে। ওয়াসার পানি দিয়ে গাড়ি ধোয়া, বাগানে পানি দেওয়া, কুকুরকে গোসল করানো হয়। বছরখানেক আগে গুলশানে ১৫টি বাড়িতে অভিযান চালিয়ে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আবারও অবৈধ সংযোগ নেওয়া হলে মূল সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানায় ওয়াসা। তবে ওই সব বাড়িতে পরে আর খোঁজ নিতে যায়নি ওয়াসা। সূত্রমতে, ওয়াসার কিছু অসাধু কর্মচারীর সহায়তায় অবৈধ সংযোগ নেওয়া হয়। ওই জরিপ অনুসারে, রাজধানীর অনেক বাড়ির মালিক নির্ধারিত সময়ে পানি দেওয়ায় এসব বাড়ির ভাড়াটেরা বড় ড্রাম, বালতি, গামলায় পানি সংগ্রহ করে রাখেন। পরেরবার পানি দেওয়া হলে আগের উদ্বৃত্ত পানি ফেলে নতুন পানি ভরা হয়। এতে অনেক পানি অপচয় হয়। আবার কেউ কেউ পানির আশায় কল খোলা রেখে বাইরে চলে যাওয়ায় পানি এলে পাত্র উপচে অযথা পড়তে থাকে। ত্রুটিপূর্ণ পানির গাড়ি: ওয়াসার ৩১টি পানির গাড়ির মধ্যে ১৯টি পুরোনো। পুরোনো গাড়ির অনেকগুলোরই ঢাকনা বন্ধ হয় না। ফলে গন্তব্যে যাওয়ার সময় এসব গাড়ি থেকে রাস্তায় পানি পড়ে যায়। বেইলী রোডে ওয়াসার নিয়ন্ত্রণ কক্ষের সামনের রাস্তায় গাড়ি থেকে পড়া পানির চিহ্ন দেখা যায় নিয়মিত। ওয়াসার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এক হাজার ৮০০ গ্যালন পানি ধারণক্ষমতার গাড়ি গন্তব্যে পৌঁছার পর হয়তো দেড় হাজার গ্যালন অবশিষ্ট থাকে।