নগরের পাড়া-মহল্লায় প্রায়ই দেখা যায়, বাড়ির ছাদের ট্যাংক উপচে ছাদ থেকে পানি পড়ছে রাস্তায়। অথচ পাশের কোনো এলাকায় পানির জন্য হাহাকার পড়ে গেছে। আবার বেসিন ছেড়ে দিয়ে হাত-মুখ ধোয়ায় যতটুকু পানি কাজে লাগে, তার কয়েক গুণ বেশি পানি অপচয় হয়। এভাবে নগরের ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) সরবরাহ করা পানির বড় একটা অংশ অপচয় হচ্ছে। অথচ নগরের কোনো না কোনো এলাকায় পানিসংকট লেগেই থাকছে।বর্তমান পানির বিল-ব্যবস্থায় ফাঁক থাকায় অনেক গ্রাহক যে পরিমাণ পানি ব্যবহার করছেন, তার চেয়ে কম বিল দিচ্ছেন। এ সুযোগে আবার আখের গোছাচ্ছেন ঢাকা ওয়াসার এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। বিল কারচুপি কমাতে পারলে পানির অপচয় অনেক কমবে বলে মনে করেন সচেতন গ্রাহকেরা। আর বিল কারচুপি প্রতিরোধে অনেকেই প্রিপেইড মিটার প্রচলনের কথা বলছেন। প্রিপেইড মিটার চালু হলে পানি ব্যবহারে সাশ্রয়ী হবেন গ্রাহকেরা।প্রিপেইড মিটার নিয়ে তিতাস, ডিপিডিসি ও ডেসকো অনেক দিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার কোনো কার্যক্রমের কথা শোনা যাচ্ছে না। এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দাবি করেন, নগরের পানি সরবরাহের বর্তমান অবকাঠামোয় প্রিপেইড মিটার বসানো সম্ভব নয়। প্রিপেইড মিটার বসাতে হলে বর্তমান অবকাঠামোর আমূল পরিবর্তন করতে হবে, যা কিনা অর্থ ও সময়সাপেক্ষ ব্যাপার।তবে বুয়েটের আইআইসিটি থেকে জানা যায়, ঢাকা ওয়াসার বর্তমান অবকাঠামোতেই প্রিপেইড মিটার ব্যবহার করা সম্ভব।