ঢাকা কলেজ ও টিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ছাত্রী উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আজ বুধবার সন্ধ্যায় একজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত মিরপুর সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে টিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী চা পান করতে কলেজ ক্যাম্পাসের বাইরে বের হন। এ সময় ঢাকা কলেজের কয়েকজন ছাত্র টিটি কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এরপর ওই ছাত্রীদের হোস্টেলে পাঠিয়ে দিয়ে সহপাঠীরা উত্ত্যক্তকারীদের পাকড়াও করেন। দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডের সময় টিটি কলেজের এক ছাত্র ঢাকা কলেজের এক ছাত্রের গালে চড় মারেন। এর পরই ঢাকা কলেজের ছাত্ররা মোবাইল ফোনে তাঁদের বন্ধুদের খবর দিলে কিছুক্ষণের মধ্যে অর্ধশতাধিক ছাত্র বেরিয়ে আসেন। তাঁরা টিটি কলেজের ছাত্র জুলফিকারকে বেদম মারধর করেন। একপর্যায়ে টিটি কলেজের ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে ঢুকে যান আর ঢাকা কলেজ থেকে কয়েক শ ছাত্র টিচার্স ট্রেনিং কলেজের চারপাশে জমা হন। তাঁরা বাইরে থেকে টিটি কলেজের ভেতরে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় টিটি কলেজের ছাত্ররাও ভেতর থেকে পাল্টা ঢিল ছুড়তে থাকেন। এরই একপর্যায়ে ঢাকা কলেজের ছাত্ররা টিটি কলেজের প্রধান ফটক ভেঙে ভেতরে রাখা এক যুগ্ম সচিবের সরকারি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা টিটি কলেজের ফটকের সামনে আগুন জ্বালিয়ে দেন। প্রায় ৪০ মিনিট এ রকম চলার পর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের মধ্যে সংঘর্ষ হয়নি, একটু উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা কলেজের ছাত্রদের ঢিলের আঘাতে টিটি কলেজের ভেতরে রাখা গাড়িটি ভেঙে গেছে।তবে রাতে টিটি কলেজে গিয়ে দেখা যায়, প্রধান ফটকটি ভাঙা। কলেজের সামনের রাস্তায় পড়ে আছে ইট-পাটকেল, ফটকে আগুন জ্বালানোর চিহ্ন। আহত জুলফিকারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় তাঁর দুটি দাঁত পড়ে গেছে।