ঢাকা কলেজের বিপরীত দিকে একটি পেট্রোল পাম্পের সামনে আজ শনিবার রাতে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই পাম্পে চাঁদা আদায় করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, আজ রাত সোয়া নয়টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শিহাবুজ্জামানের কর্মী উজ্জ্বল ও আনোয়ার আলাদা আলাদাভাবে ওই পাম্পে চাঁদা আদায় করতে যান। এ সময় তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই দুই কর্মীসহ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী বিভিন্ন সময়ে ওই এলাকায় চাঁদাবাজি করে। যোগাযোগ করা হলে এলিফ্যান্ট রোড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত দুইজন পালিয়ে যায়। তাই, এ ব্যাপারে বেশি কিছু জানা যায়নি। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোনও ঘটনা শুনিনি। কেউ চাঁদাবাজির অভিযোগও করেনি। এ ব্যাপারে জানতে চাইলে শিহাবুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উজ্জ্বল ও আনোয়ার একই এলাকার লোক। তাঁদের বাড়ি শরীয়তপুর। কথাকাটাকাটির জের ধরে তাঁদের মধ্যে মারামারি হয়েছে। আমরা মিটমাট করে দিয়েছি।’ তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।