ঢাকা কলেজিয়েট স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও প্রথম সরকারি বিদ্যাপীঠ ঢাকা কলেজিয়েট স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রাজধানীতে উদযাপিত হয়েছে।১৮৩৫ সালের জুলাই মাসে এখানে একটি ইংরেজি শিক্ষালয় হিসেবে ঢাকা কলেজিয়েট স্কুল যাত্রা শুরু করে। তত্কালীন বাংলা প্রদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ব্রিটিশ শাসকেরা প্রথম এই সরকারি হাইস্কুল প্রতিষ্ঠা করে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে দুই সহস্রাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, মহাসচিব ও সাবেক সচিব এম হারুন উর রশিদ ও উদযাপন কমিটির চেয়ারম্যান বদিউর রহমান বক্তৃতা করেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ব্রিটিশ শাসনামলে পূর্ব বাংলার, বিশেষত মুসলমানরা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়ে পড়লে এই শিক্ষাপ্রতিষ্ঠান আলোর দিশারির ভূমিকা পালন করে।রাষ্ট্রপতি বলেন, স্বনামধন্য বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, কবি বুদ্ধদেব বসু, সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, ব্রিটিশবিরোধী বিপ্ল¬বী দীনেশ গুপ্ত, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীসহ বহু মনীষী এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে জগদ্বিখ্যাত হয়েছেন।রাষ্ট্রপতি বলেন, সরকার বিশ্বায়নের নতুন যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে একটি তথ্যপ্রযুক্তি-নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ প্রণয়ন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত এই নতুন নীতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।অন্য বক্তারা কলেজিয়েট স্কুলের পুরোনো ঐতিহাসিক ভবন পুনর্নির্মাণের দাবি জানান। তত্কালীন পাকিস্তান সরকার এই বিদ্যাপীঠকে স্টেট ব্যাংক অব পাকিস্তানে রূপান্তর করে এবং পরে জেনারেল এরশাদ সরকার স্কুলটি ভেঙে ফেলে।রায়সাহেব রতন মনি গুপ্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকাকালে ১৮৮৮ থেকে ১৮৯৬ পর্যন্ত পরপর আট বছর এ স্কুলের শিক্ষার্থীরা প্রবেশিকা পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অধিকার করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা উপমহাদেশে বিরল। রায় সাহেব প্রধান শিক্ষকের পদ ছেড়ে যাওয়ার পর একটি আশ্চর্যজনক দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। পরপর আট বছর প্রথম থাকার পর ১৮৯৭ সালে এই স্কুল প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় হয়।স্কুলের সাবেক শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকে রায়সাহেব রতন মনি গুপ্তের জীবনী ও অবদান অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে দেশের সব শিক্ষক তার মূলনীতি অনুসরণ করতে পারেন।অনুষ্ঠানে স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটেন।বাসস