ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২৫-৩০টি গুলি এবং ৩০-৪০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নতুন হল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন হোস্টেলে (দক্ষিণায়ন) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের ফরিদপুরের শিহাব-রনির সঙ্গে বরিশালের তারেক-টিটো পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে অভি, সংগ্রাম, সবুজ, সজীবকে নগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন অবস্থায় অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র অভি প্রথম আলোকে বলেন, সন্ধ্যা থেকেই শিহাব ও রনির এক থেকে দেড় শ সমর্থক দক্ষিণায়ন হোস্টেলের সামনে জড়ো হয়। রাত ১০টার দিতে তাঁরা অস্ত্র ও রামদা নিয়ে নতুন হলে প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই হলের সাধারণ ছাত্রদের মেরে বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে ২৫-৩০টি গুলির শব্দ পাওয়া যায়।তবে শিহাব প্রথম আলোকে বলেন, হোস্টেল দখলের চেষ্টা করতেই বিলুপ্ত কমিটির সাবেক সভাপতির পক্ষের কয়েকজন নেতা গতকাল রাতে হোস্টেলে হামলা চালান। নিউমার্কেট থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম রাত ১২টার দিকে শতাধিক পুলিশ সদস্য নিয়ে কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে প্রচণ্ড গোলাগুলির কারণে তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। অবশ্য একটু পরই অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছায়। এরপর ওসির নেতৃত্বে পুলিশ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কলেজের ভেতর ঢোকার চেষ্টা করলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতারা পুলিশকে বাধা দেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে স্লোগান দেওয়া হয়।