ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০
ঢাকা কলেজে গতকাল শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন।আহত ছাত্রদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক (২১), একই বিভাগের প্রথম বর্ষের আকাশ (১৮) ও সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জনি (২২)।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লাহ আলমের সমর্থক নেতা-কর্মীরা তারেকের সমর্থকদের ওপর লাঠিসোঁটা ও বন্দুক নিয়ে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পালটাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে আকাশের পিঠে ও জনির ডান পায়ে গুলি লাগে এবং লাঠিপেটায় আহত হন তারেক। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে নিউমার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলো ডট কমকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঢাকা কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি ছাত্রলীগের পক্ষ থেকে সুরাহার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসে উত্তেজনা আছে।