ঢাকা কলেজে সম্মানে ভর্তির কার্যক্রম বন্ধ, ইডেনে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে সম্মান প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম একদল ছাত্রের বাধার মুখে বন্ধ হয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ভর্তি-ইচ্ছুক ছাত্র নামধারীদের বাধার কারণে গতকাল রোববার বাধ্য হয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কোটার দাবি না মানায় ছাত্রলীগের কয়েকজন নেতার কারণে ভর্তি-প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। এর আগে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। রাজধানীর আরেকটি সরকারি কলেজ ইডেনেও সম্মান প্রথম বর্ষে ভর্তিতে ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ জানান, অযৌক্তিক চাপের মুখে গতকাল ভর্তি-কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে তিনি আশা করছেন, কাল মঙ্গলবার থেকে আবারও ভর্তি-কার্যক্রম শুরু করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর সম্মানে ভর্তির জন্য যাঁরা পরীক্ষা দেন, তাঁদের সবার ফলাফল প্রকাশ করা হয়। এতে একটি মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা থাকে। সেই তালিকা ধরে শিক্ষার্থীরা ভর্তি হন। আগে মেধাতালিকায় না থাকা শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে ছাত্রসংগঠনের নেতাদের সহায়তায় ভর্তি হওয়ার ঘটনা ঘটে। এটি বন্ধ করতে এবার যত আসন, এর সঙ্গে অতিরিক্ত কিছু আসন যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হয়। কোনো কলেজে ১০০ আসন থাকলে সর্বোচ্চ ১২০ জনের একটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ফলে তালিকার বাইরে থাকা কেউ ভর্তি হতে আসছেন না। এতে ছাত্রনেতাদের ভর্তি-বাণিজ্য বন্ধ রয়েছে। ঢাকা কলেজের একটি সূত্র জানায়, কলেজের ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা এবার ভর্তি-প্রক্রিয়া শুরুর পর ৫০০ আসন দাবি করেন। কলেজ কর্তৃপক্ষ তা মানেনি। এতে গত শনিবার ছাত্রলীগের কিছু নেতা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অস্ত্রের মুখে বাধা দেন। পরে তাঁরা কলেজে ভাঙচুর করেন। তাঁরা তাঁদের দাবি না মানলে ভর্তি-কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। একপর্যায়ে ভর্তি-কার্যক্রম বন্ধ হয়ে যায়। কলেজ সূত্র জানায়, গতকাল আবার ভর্তি-কার্যক্রম শুরু করতে গেলে ছাত্রলীগের নেতারা আবারও একই দাবি জানিয়ে অধ্যক্ষসহ সবাইকে হুমকি দেন। এতে একপর্যায়ে ভর্তি-প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ঢাকা কলেজে সম্মানে মোট সাড়ে তিন হাজার আসন রয়েছে। তিন হাজার ৮০০ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ভর্তি-ইচ্ছুক নামধারী কয়েকজন সব ভর্তি পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করতে বলছে অযৌক্তিকভাবে। এ ক্ষেত্রে কলেজের কিছু করার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসারে ভর্তি করা হচ্ছে। ভর্তি-কার্যক্রমে বাধা দিচ্ছেন কারা—জানতে চাইলে অধ্যক্ষ বলেন, তারা তো বলছে তারা ছাত্র। ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের একাধিক ছাত্র জানান, ভর্তি পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় স্থান না পাওয়া অনেক শিক্ষার্থীকে ভর্তি করানোর কথা বলে টাকা নিচ্ছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। তাঁরাই কোটা দাবি করে ভর্তি কার্যক্রমে বাধার সৃষ্টি করছেন। অভিযোগের বিষয়ে জানতে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সগীর আহমেদের মোবাইলে রাত আটটার দিকে ফোন করা হলেও তিনি ধরেননি। কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন, প্রতিবার সবার ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এবার ২৮ হাজার জন পরীক্ষা দিলেও সাড়ে তিন হাজার জনের ফল প্রকাশ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্ররা বিক্ষোভ করেছেন। এখানে ছাত্রলীগের কেউ নেই। ৫০০ আসন দাবি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ সম্পর্কে আরিফুজ্জামান বলেন, এটি ভিত্তিহীন। মাত্র ভর্তি-কার্যক্রম শুরু হয়েছে। এখন তো দাবি-দাওয়ার প্রশ্নই আসে না। মেধাতালিকা থেকে ভর্তি শেষ হওয়ার পর ছাত্রলীগ দু-একটি অনুরোধ করবে। সেটি অতীতেও হয়েছে। স্যাররা অতীতেও কাউকে নিরাশ করেননি। এখনো করবেন না।ইডেন কলেজ: ইডেন কলেজে ভর্তি-ইচ্ছুক একাধিক ছাত্রী ও অভিভাবক প্রথম আলোর কার্যালয়ে ফোন করে অভিযোগ করেন, মেধাতালিকার শুরুর দিকে তাঁদের নাম থাকলেও ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞানের মতো বিষয়ে ভর্তি করা হচ্ছে না কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীদের বাধার কারণে।ইডেন কলেজের একজন ছাত্রীনেত্রী বলেন, ‘ধরুন, ইংরেজি বিভাগে ৩০০ আসন। এর মধ্যে মেধাতালিকায় প্রথম দিকে আছেন এমন কয়েকজনের পর আর কাউকে ইংরেজি বিষয় দেওয়া হবে না। অন্তত ১০০ আসন খালি রাখা হবে। সেখানে ছাত্রলীগের নেত্রীরা টাকার বিনিময়ে তাঁদের প্রার্থীদের ভর্তি করাবেন।’ তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিঝুম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ভর্তি-কার্যক্রমের আশপাশেও তাঁরা যাচ্ছেন না। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকে, সেটি ভিত্তিহীন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা নিয়মেই এখানে ভর্তি-কার্যক্রম চলছে। এখানে অধ্যক্ষ বা তাঁদের কিছু করার নেই।