ঢাকা কলেজের গ্রেপ্তারকৃত ৫৭ জনকে কোর্টে চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ৭১ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৫৪টি গুলি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৭ জনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। আরেকজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। বাকি ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৭ জনকে আদালতে পাঠানো হয়েছে। এরা ছাত্রলীগ করে কিনা জানতে চাইলে ওসি বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি নেই। কাজেই কে কি করে সেটি মুখ্য বিষয় নয়। ওসি জানান, ঢাকা কলেজের উত্তর হল থেকে সাইফুল ইসলাম নামে একজনের কাছ থেকে ৫৪টি গুলি ও ৩২ হাজার টাকা পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। কলেজের ছাত্রাবাসের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে গতকাল রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয় অন্তত ১০ জন। এ সময় অন্তত ২৫ থেকে ৩০টি গুলি এবং ৩০ থেকে ৪০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে একটার দিকে কলেজে পুলিশ ঢোকে। ভোর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ ও ভাঙচুর চলে। পুলিশ তিন দফায় কলেজে অভিযান চালায়।