ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার
ঢাকা কলেজের ছাত্রাবাসে গতকাল রোববার রাতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারাল অস্ত্র, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষে অন্তত ১৫ জন ছাত্র আহত হয়। ভাঙচুর করা হয় চারটি ছাত্রাবাসের অন্তত ১৮টি কক্ষ। এ ঘটনায় গতকাল রাতে সেখানে তল্লাশি চালানো হয় বলে বলে পুলিশের একাধিক সূত্র জানায়। তবে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের ছাত্রাবাস ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় ছাত্রাবাসের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দা, চাপাতি, কিরিচ, লাঠি, রড ও পাইপ। পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন।