ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিবাসের চাপায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। এ ঘটনায় নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সড়কে প্রায় সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট হয় এবং মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মো. জাকারিয়া (২৫) সেফটি পরিবহনের একটি মিনিবাসের চাপায় নিহত হন। পুলিশ ওই মিনিবাসসহ চালক ইয়াছিন খানকে আটক করে।জাকারিয়া নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ এবং ওই সড়কে চলাচল করা যানবাহন লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকেন। ইটের আঘাতে তিনটি বাসের কাচ ভেঙে যায়। বাস তিনটি দ্রুত ওই স্থান ত্যাগ করে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নীলক্ষেতমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে যান। সেখানে শিক্ষার্থীরা মিরপুর সুপার লিংক নামের একটি মিনিবাস ভাঙচুর করেন। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিপেটায় পাঁচ-ছয়জন শিক্ষার্থী সামান্য আহত হন। পরে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে পরিস্থিতি মোটামুটি শান্ত হয়ে আসে।শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর শুরুর পর পুলিশ সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে নিউ এলিফ্যান্ট রোড, মিরপুর রোডসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আতঙ্কের কারণে অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আটকা পড়েন। দুপুর পৌনে একটার দিকে পরিস্থিতি শান্ত হলে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে আবার যান চলাচল শুরু হয়। এতে যানজট-পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, সোমবার রাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জাকারিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য বাগেরহাটের রামপাল উপজেলায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।