ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে যান চলাচল শুরু হয়েছে। টিনবোঝাই ট্রাক নিয়ে ভৈরবের মিরারচর এলাকায় বেইলি সেতুটি ধসে পড়ায় গতকাল সোমবার কোনো যান চলাচল করেনি।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা প্রথম আলোকে জানান, সেতুর নিচ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে আজ সকাল থেকে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের ভৈরব অফিসের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান বাদী হয়ে ৭৫ লাখ টাকার ক্ষতির কথা উল্লে¬খ করে একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলায় ট্রাকের চালক ঢাকার শ্যামপুর এলাকার আবদুল হাইকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।ভৈরব সড়ক ও জনপথ অফিস সূত্র জানায়, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ৫৬ কিলোমিটারের মধ্যে ভৈরবে তিনটি আর কিশোরগঞ্জ সদরের প্রবেশপথে রয়েছে একটি বেইলি সেতু। দুই যুগ আগে জরুরি প্রয়োজন মেটাতে অস্থায়ী ভিত্তিতে সেতুগুলো স্থাপন করা হলেও এখনো পাকা সেতু নির্মাণ করা যায়নি। গতকাল সোমবার দুপুরে টিনবোঝাই একটি ট্রাক পার হতে গিয়ে ট্রাক নিয়েই সেতুটি ভেঙে পড়ায় নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়।