ঢাকা ক্লাবে পুরোনো গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই যে দেখছেন গাড়িটা, এটা প্রায় শত বছর আগে কোনো এক রানির বাহন হিসেবে ব্যবহূত হয়েছে, সেই গাড়িতে আমি চড়ছি।’ এভাবেই লাল রঙের একটা অস্টিন সেভেন দেখিয়ে বললেন ওল্ড কার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাবিবুর রহমান সানি।ঢাকা ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১ ডিসেম্বর এই ক্লাবের প্রাঙ্গণে শুরু হয় পুরোনো গাড়ির প্রদর্শনী। ‘ওল্ড কার ক্লাব অব বাংলাদেশ’ ও ঢাকা ক্লাব যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে সমিতির সদস্যদের সংগ্রহে থাকা বিভিন্ন সময়ের প্রায় ৩৫টি গাড়ি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ১৯২৩ সালের অস্টিন কোম্পানির বানানো গাড়ি আছে, যা নাটোরের রানি দিঘাপতি কলকাতা থেকে নিজে ব্যবহারের জন্য আনিয়েছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি আর্মি গাড়িটি নিয়ে নেয়। যুদ্ধ শেষে গাড়িটি কুষ্টিয়ায় ফেলে রেখে যায়। কেউ তা চালাতে পারছিল না। শেষে ১৯৮০ সালে হাবিবুর রহমান গাড়িটির খোঁজ পান। স্থানীয় এক লোকের কাছ থেকে কিনে চালানোর উপযোগী করে তোলেন এটি। এ ছাড়া প্রদর্শনীতে আছে ১৯২৬ সালের কেব্রোলেট কোম্পানির বানানো গাড়ি, যেটা চট্টগ্রামের চাঁদ সওদাগর ব্যবহার করতেন। ত্রিপুরার আগরতলার মহারাজার ব্যবহূত গাড়িও আছে প্রদর্শনীতে।হাবিবুর রহমান বলেন, ‘বিভিন্ন সময়ের গাড়ি দেখলে সহজেই গাড়ির মডেলের বিবর্তনের ইতিহাস জানা যায়। তরুণদের গাড়ি তৈরির ইতিহাস জানাতে আমাদের এই আয়োজন। এরই অংশ হিসেবে আগামী বছরের প্রথম দিকে পুরোনো গাড়ির একটা র‌্যালি হবে।’ গতকাল শেষ হয়েছে পুরোনো গাড়ির প্রদর্শনী।