ঢাকা ক্লাবের দখলে থাকা রাষ্ট্রীয় জমি উদ্ধারের দাবি
ঢাকা ক্লাব লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে তিন হাজার কোটি টাকা মূল্যের রাষ্ট্রীয় জমি উদ্ধার করে তা জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছে দুটি সংগঠন।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিটিজেন রাইটস মুভমেন্ট ও ইনিশিয়েটিভ ফর পিস নামের দুটি সংগঠন এ দাবি জানায়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। তিনি বলেন, ঢাকা ক্লাব কোনো ধরনের ভ্যাট ও ট্যাক্স দেয় না। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়। রাজধানীর গুলশান ও বনানী ক্লাব ভাড়াবাড়িতে গড়ে উঠলেও ঢাকা ক্লাব জনগণের সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। ঢাকা ক্লাবের মতো একটি জনকল্যাণহীন প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিবন্ধক। এ বিশালায়তনের পাঁচ একর জমি বারডেম হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সম্প্রসারণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে লাগানো যেতে পারে। সম্মেলনে ঢাকা ক্লাবের অনৈতিক ভোগদখল বিষয়ে সচেতনতা সৃষ্টি করে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেশপ্রেমিক জনগণের মঞ্চের চেয়ারম্যান ম ইনামুল হক বলেন, জনগণের সম্পত্তি কীভাবে হাত বদলে বেহাত হয়ে যায় এবং জনস্বার্থবিরোধী কাজে ব্যবহূত হয়, ঢাকা ক্লাব তার নমুনা। ঢাকা ক্লাবের কোনো জবাবদিহি নেই বলে অভিযোগ করেন তিনি। সম্মেলনে শফিকুর রহমান ও মো. রশীদ নামে আরও দুজন বক্তব্য দেন।