ঢাকা-খুলনা মহাসড়কে বাসশ্রমিকদের চার ঘণ্টা অবরোধ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে আজ শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকেরা। টুঙ্গিপাড়া উপজেলা সদরে পাটগাতি বাসস্ট্যান্ডে বাস চলাচলে থ্রি হুইলার চালকদের বাধা দেওয়ার প্রতিবাদে বাসশ্রমিকেরা চার ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। আগামীকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বাস ও থ্রি হুইলার শ্রমিক ও মালিকদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংকট নিরসন হবে বলে আশা করছেন উভয় পক্ষ। শ্রমিকেরা সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে টায়ার জ্বালিয়ে ও এলোপাতাড়ি বাস রেখে অবরোধ করেন। এতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধে রাস্তার দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি বুলবুল হাসান বলেন, ৬ ডিসেম্বর গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে লোকাল বাস ও থ্রি হুইলার চলাচল নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে উভয় শ্রমিক ও মালিক সংগঠনের বৈঠক হয়। ওই বৈঠকে থ্রি হুইলার চলাচলের জন্য নির্ধারিত রুট ঠিক করে দেওয়া হয়। কিন্তু আজ সকাল নয়টার দিকে টুঙ্গিপাড়ার থ্রি হুইলার চালকেরা বাস চলতে বাধা দেন। এ ঘটনার পর বাসশ্রমিকেরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় চার ঘণ্টা সড়ক অবরোধ করেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, প্রশাসনের সামনে টুঙ্গিপাড়া থেকে বাস চলাচল বন্ধ করে দিলেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখন আমরাও প্রশাসনের কোনো অনুরোধ রাখার মতো অবস্থায় নেই। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, শ্রমিকেরা চারঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কাল এ নিয়ে বৈঠক হবে বলে জানান তিনি।