ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ অব্যাহত
বাস থেকে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ফেলে দেওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ আজ বুধবারও অব্যাহত আছে। গাজীপুর বাস পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় শিক্ষার্থীরা এ কর্মসূচি অব্যাহত রেখেছেন। অবরোধের কারণে আজও ওই সড়কে বাস চলাচল বন্ধ আছে।শিক্ষার্থীরা গতকাল ক্লাস-পরীক্ষায় অংশ না নিলেও আজ ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র গাজীপুর পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের স্টপেজে বাস থামাতে বলেন। কিন্তু চালক বাস না থামিয়ে চলন্ত গাড়ি থেকে তাঁদের নামতে বলেন। একপর্যায়ে গাড়িচালকের সহকারী এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় গাড়িতে থাকা অন্য দুই ছাত্রকে না নামিয়ে গাড়ি নিয়ে চালক দ্রুত চলে যেতে চাইলে তাঁরা চিৎকার দেন। এতে আশপাশের ছাত্ররা এসে গাড়িটি আটক করেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিবহন কাউন্টারে আগুন ধরিয়ে দেন এবং দুটি গাড়ি ভাঙচুর করেন। মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন। সোমবার রাতেই ওই আহত ছাত্রকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বৈঠকে বসেন। বৈঠকে ছাত্ররা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। কিন্তু এ ব্যাপারে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গাজীপুর পরিবহনের কর্মচারীরা প্রায়ই শিক্ষার্থী ও অন্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি পরিবহন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা এর কোনো সুরাহা করেনি।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে জানান, পরিবহন কর্তৃপক্ষ ক্যাম্পাসের বাইরে আলোচনায় বসতে চায়। কিন্তু শিক্ষার্থীরা আলোচনা করতে চান ক্যাম্পাসের ভেতরে । দুই পক্ষ একমত না হওয়ায় শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। আপাতত ওই সড়কে বাস চলাচল বন্ধ আছে।