ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপিএল-আনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি জমিয়ে তোলার পূর্বশর্তটা পূরণ হয়েছিল দারুণভাবে। দুপুর থেকেই সাজ সাজ রব। দর্শকে টইটম্বুর মিরপুর স্টেডিয়াম। কিন্তু ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না! সার্থক টি-টোয়েন্টি ম্যাচে যে উত্তেজনাকর সমাপ্তিটা খুব জরুরি, সেখানে হলো পুরোপুরিই একতরফা এক ম্যাচ।ঢাকা গ্ল্যাডিয়েটরসের অবশ্য এ নিয়ে ভাবতে বয়েই গেছে। ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় পেয়ে বিপিএলের প্রথম চ্যাম্পিয়ন—ঢাকা গ্ল্যাডিয়েটরস ভেসে গেছে সেই আনন্দেই। প্রথমে ব্যাটিং করে বরিশাল বার্নার্স করেছিল ৭ উইকেটে ১৪০, যাতে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ব্র্যাড হজের ৫১ বলে ৭০ রানের। তবে সেটি ম্লান হয়ে গেছে ঢাকার পাকিস্তানি ওপেনার ইমরান নাজিরের ৪৩ বলে ৭৫ রানের ইনিংসের কাছে।