ঢাকা-চট্টগ্রাম এখনই ১১ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম থেকে রাত ১১টায় রওনা হয়ে ঢাকায় পৌঁছেছি ১১ ঘণ্টা পর। এখনই এত সময় লাগছে, ঈদের ছুটির সময় কী হবে!’গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় বাস থেকে নেমে এভাবে ক্ষোভ প্রকাশ করলেন নয়াপল্টন পলওয়েল মার্কেটের ব্যবসায়ী আমিনুর রহমান। তিনি বলেন, পুরো যাত্রার মধ্যে ঢাকার প্রবেশপথ কাঁচপুর থেকে সায়েদাবাদ আসতেই অন্তত দুই ঘণ্টা লেগেছে।কয়েক দিন ধরে এমন অবস্থাই চলছে। রাজধানীর মানিকনগর থেকে গোলাপবাগ-সায়েদাবাদ-যাত্রাবাড়ী পেরিয়ে কাঁচপুর পৌঁছাতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।ঈদের ছুটির সময় কী হবে, তা নিয়ে শঙ্কিত পরিবহনমালিকেরাও। স্টার লাইন পরিবহনের নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন বলেন, ঢাকা থেকে ফেনীতে আসতে এখনই সময় লাগছে ছয় থেকে আট ঘণ্টা। ঈদের সময় আরও বেশি সময় লাগতে পারে।চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলের পরিবহনের প্রবেশ ও বহির্গমনের দ্বার কাঁচপুর। ঢাকার দিক থেকে কাঁচপুরে যেতে এবং বিভিন্ন অঞ্চল থেকে কাঁচপুর হয়ে ঢাকায় আসতে কেন এত সময় লাগছে, এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেল, কোথাও কোথাও এলোমেলো দাঁড়িয়ে আছে বাস-ট্রাক-টেম্পো। কোথাও বসেছে অবৈধ হাটবাজার। কিছু জায়গায় রাস্তাঘাটের বেহাল অবস্থা। এসব কারণে যানজট মাথায় নিয়ে এবারও ঈদের যাত্রায় চরম ভোগান্তিতে পড়ছে ঘরে ফেরা মানুষ।রাস্তা মেরামত ও বিকল্প সড়ক: এক মাসেরও বেশি সময় আগে গত ২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত আন্তসংস্থার সভায় পুলিশের উপকমিশনার (পূর্ব) ইকবাল হোসেন বলেছিলেন, সায়েদাবাদ-যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার রাস্তা মেরামত করা না হলে যানজটের ভোগান্তি কমানো যাবে না। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বেশ কিছু রাস্তার বড় গর্তসহ ভাঙা অংশ মেরামত করা হয়েছে। তবে ঢাকা থেকে কাঁচপুরে যাওয়ার পথে কোনো কোনো স্থানে যানবাহনকে একটি মাত্র লেনে চলাচল করতে হচ্ছে। সে জন্য যানজট হচ্ছে। তবে ঈদ সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত রেকার না থাকায় এবং মানুষের ভোগান্তির কথা ভেবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো যাচ্ছে না।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রমজানের আগে ও পরে দুই দফা যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন। দুবারই তিনি সায়েদাবাদ-যাত্রাবাড়ী মূল সড়ক ছাড়াও আশপাশের সড়কগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার উপযোগী করতে ঢাকা সিটি করপোরেশনকে বলেছিলেন। গতকাল এলাকায় গিয়ে দেখা যায়, স্বামীবাগ, দয়াগঞ্জ ও যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক পুরোপুরি মেরামত করা হয়নি। স্বামীবাগ এলাকায় উত্তর প্রান্তে ফুটপাতের পাশে কাঁচা রাস্তা। দয়াগঞ্জ সড়ক মেরামত করা হলেও বৃষ্টিতে আবার নষ্ট হতে বসেছে। শহীদ ফারুক সড়কের বেশ কিছু অংশ এখনো বেহাল। এসব রাস্তায় ভারী যানবাহন চলাচল দুঃসাধ্য। যোগাযোগ করা হলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সব রাস্তায় চলাচলের উপযোগী করা হয়েছে। শুধু শহীদ ফারুক সড়ক ৩০০ মিটারের মতো কাজ বাকি আছে। বৃষ্টি না হলে সোমবার রাতেই কাজ শেষ করা হবে।রাস্তার দুই পাশে বাজার: যাত্রাবাড়ী থানার বিপরীত দিকে রাস্তাজুড়ে বসা বাজার উচ্ছেদ করা হয়েছিল রমজান মাস শুরুর আগে আগে। গতকাল গিয়ে দেখা যায়, সেখানে আবার বাজার বসেছে। এভাবে কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে বসেছে বাজার। ঢাকার দিকে সেতুর প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে একটু পর পরই বাজার। সেখানে তরিতরকারি, ফলমূল ও দুপুর থেকে ইফতারির সারি সারি দোকান। পরিবহনমালিকদের দাবি, যানজটের অন্যতম কারণ রাস্তার দুই পাশে বাজার।এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, একটি বাজার সকালে উচ্ছেদ করলে বিকেলে আবার বসছে, পুরো এলাকায় একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। তাঁর পক্ষে বারবার উচ্ছেদ কাজ পরিচালনা করা সম্ভব নয়।