ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা মন্টু ঘোষসহ চার শ্রমিকনেতাকে পেটানোর প্রতিবাদে সোনারগাঁ উপজেলার কাচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কয়েক হাজার শ্রমিক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাঙচুর করছে। অবরোধের ফলে দুই মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। আজ রোববার বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ১৩টি ইউনিটের সব কারখানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল আটটা থেকে আবার চালু করা হয়েছে। এদিকে ১২২ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে গতকাল বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষের নেতৃত্বে ওই সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর একদল উচ্ছৃঙ্খল যুবক লাঠি দিয়ে মন্টু ঘোষকে পেটালে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় শ্রমিকেরা কাজে যোগ দেন। ১০টার দিতে সব শ্রমিক একসঙ্গে বের হয়ে দুই মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং নির্বিচারে গাড়ি ভাঙচুর করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এখনো উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। নাম না প্রকাশের শর্তে দুই নারী শ্রমিক অভিযোগ করেন, ‘কারখানা কর্তৃপক্ষের নির্দেশে গতকাল আমাদের চার নেতাকে মারধর করা হয়। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। পুলিশ আমাদের লাঠিপেটা করছে।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ ঘটনাস্থল থেকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতার টাকা কম দিয়ে স্থানীয় বহিরাগত নেতা ও সন্ত্রাসীদের হাতে শ্রমিক নির্যাতন ও শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ এনে ২১ মে শ্রমিকেরা ওই কারখানার ১৩টি ইউনিটে ব্যাপক ভাঙচুর করেন। পরে ওই দিনই কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পর গতকাল ফের চালু হয়।