ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সরাসরি রেল যোগাযোগ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্য জেলার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।প্রবল বর্ষণের কারণে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারি স্টেশনের মাঝামাঝি একটি রেল সেতু ধসে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে গতকাল চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে সীতাকুণ্ড থেকে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল চালু ছিল।এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে সকাল ১০টা এবং দুপুর দুইটার দিকে দুই দফায় ট্রেন চালানোর চেষ্টা করা হয়। প্রথম দুইবারের প্রতিবেদন ভালো না হওয়ায় তৃতীয় দফায় ট্রেন চালানো হয়। এই ফলাফল ঢাকায় পাঠানো হয়। ঢাকা থেকে আসা প্রতিবেদনের পর সন্ধ্যা সাতটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্য মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।’মো. তাফাজ্জল হোসেন আরও বলেন, সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী রেল সেতুটির কাছে গিয়ে ট্রেনটি থেমে যাবে। এরপর ১৫ কিলোমিটার গতিতে ট্রেনটি ক্ষতিগ্রস্ত সেতুটি পার হয়ে যাবে। এভাবে কিছু দূর যাওয়ার পর ট্রেনটি স্বাভাবিক গতিতে চলবে।আপাতত ক্ষতিগ্রস্ত সেতুর ওপর বিশেষ ব্যবস্থায় শুধু যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোপুরি মেরামত বা সংস্কার না হওয়া পর্যন্ত মালবাহী ট্রেন চলবে না বলেও জানান মো. তাফাজ্জল হোসেন। এর আগে গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত রেল সেতু ও লাইনের সংস্কার করতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল রেল কর্তৃপক্ষ। গতকাল থেকে রেলের প্রকৌশলীরা সেতু ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করেছিলেন। তাঁদেরকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।